Ajker Patrika

কোনো ‘কপি-পেস্ট’ কোচ চান না গার্দিওলা

ক্রীড়া ডেস্ক    
কোনো ‘কপি-পেস্ট’ কোচ চান না গার্দিওলা
আজ শেষবারের মতো ম্যানচেস্টার সিটির ডাগআউটে দেখা যাবে পেপ গার্দিওলাকে। ছবি: এএফপি

আর মাত্র কয়েক ঘণ্টা পর শেষবারের মতো ইতিহাদে নামবেন পেপ গার্দিওলা। দীর্ঘ ১০ বছর তাঁর অধীনে অসংখ্য মনে রাখার মতো স্মৃতি রয়েছে ম্যানচেস্টার সিটিতে। ২০২৫-২৬ মৌসুম শেষে বিদায়ের ঘোষণা যেহেতু দিয়ে ফেলেছেন, এখন সিটির নতুন কোচ তো খুঁজতেই হবে। ভবিষ্যৎ কোচ কেমন হতে হবে, তার একটা নমুনা দিয়ে রেখেছেন গার্দিওলা।

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে আজ শেষ দিনে একযোগে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। যার মধ্যে ইতিহাদে হবে ম্যানচেস্টার সিটি-অ্যাস্টন ভিলা ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়েছিল, নতুন কোচ নিয়োগের ব্যাপারে সিটি তাঁর কাছে কোনো পরামর্শ চেয়েছে কি না। উত্তরে এই কিংবদন্তি কোচ বলেন, ‘এখানে কপি-পেস্ট কাজ করে না। আপনাকে পুরোপুরি আলাদা হতে হবে। নতুন কোচকে হতে হবে তাঁর মতোই।’

আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটিতে এসে পুরোদস্তুর গোলমেশিন হয়ে উঠেছেন। চার বছরে গোল করে ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। এফএ কাপ, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ— ২০২২-২৩ মৌসুমে হালান্ড যেমন ট্রেবল জিতেছেন, সিটিও তাদের ইতিহাসে প্রথমবার ট্রেবল জিতেছে সেবারই। যে ডিফেন্সিভ মিডফিল্ড না থাকায় ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি সিটির, ২০২২-২৩ মৌসুমে কৌশল বদলে সিটি প্রথমবারের মতো জেতে ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা। ২০২২-২৩ মৌসুমে রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আর আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ নাম লেখালেন ইতিহাসের পাতায়।

গার্দিওলার মতে কোচ হিসেবে যিনিই এরপর সিটির দায়িত্ব নেবেন, তাঁকে হতে হবে স্বকীয়। কাউকে অনুকরণ করলে সফল হওয়া যাবে না। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিটির সদ্য সাবেক কোচ বলেন, ‘যখন আপনি কাউকে অনুকরণ করতে যাবেন, তখন সমস্যা শুরু হবে। প্রত্যেক মানুষের আলাদা হওয়া উচিত।’

বিদায় বেলাতেও প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের অভিযোগে সিটির বিরুদ্ধে আনা ১১৫ অভিযোগের বিষয়ে গার্দিওলাকে জিজ্ঞেস করা হয়েছে। যদিও এ ব্যাপারে কোনো চিন্তা নেই তাঁর। সংবাদ সম্মেলনে সিটি কোচ বলেন, ‘ক্লাবের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। শেষ পর্যন্ত যা হওয়ার, সেই সিদ্ধান্ত হয়ে যাবে।’

২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটির ডাগআউট সামলাচ্ছেন গার্দিওলা। ছয়বার ইংলিশ প্রিমিয়ার লিগ, পাঁচবার কারাবাও কাপ, তিনবার করে এফএ কাপ, কমিউনিটি শিল্ড, একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ—এক দশকে সিটিকে ২০ শিরোপা জিতিয়েছেন তিনি। যার মধ্যে ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপের শিরোপা জিতে ট্রেবল পূর্ণ করে সিটি। ম্যান সিটির ইতিহাসে একমাত্র চ্যাম্পিয়নস লিগের শিরোপা এসেছে তাঁর অধীনেই। ২৪ মে রাতে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটাই সিটির কোচ হিসেবে গার্দিওলার শেষ ম্যাচ।

২০২৫-২৬ মৌসুমে এফএ কাপ, কারাবাও কাপ জিতেছেন গার্দিওলা। জিততে পারতেন প্রিমিয়ার লিগও। তবে ১৯ মে রাতে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়ায় শিরোপা হাতছাড়া হয়েছে সিটির। তাতে দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ম্যানচেস্টার সিটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইতালিয়ান কোচ এনসো মারেসকা। চেলসি ও লেস্টার সিটিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মারেস্কার। সিটিতে গার্দিওলার সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন মারেস্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে যাওয়ার পথেই থেমে গেল জীবন, একই পরিবারের চারজনসহ নিহত ৫

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

রেললাইনে খড় শুকানোয় চাকা স্লিপ করে সকালে তিন ট্রেন বিলম্ব, জানালেন মন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত