Ajker Patrika

শেষ বাঁশি বাজতেই সংঘর্ষে জড়াল কানাডা-কাতারের ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক    
শেষ বাঁশি বাজতেই সংঘর্ষে জড়াল কানাডা-কাতারের ফুটবলাররা
ম্যাচ শেষ হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ছবি: সংগৃহীত

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডা। তবে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচটিতে দলটির জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ম্যাচজুড়ে কাতারের খেলোয়াড়দের কড়া ট্যাকল এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের কারণে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে কানাডা। তবে ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা ঘটে দ্বিতীয়ার্ধের শুরুতে, যখন কাতারের আসিম মাদিবোর বিপজ্জনক ট্যাকলে গুরুতর আহত হন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে। বাম পায়ের নিচের অংশে চোট পাওয়ায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ঘটনাটির জন্য সরাসরি লাল কার্ড দেখেন মাদিবো।

এর আগেই প্রথমার্ধে তাজন বুকানানকে কঠোর ট্যাকল করে লাল কার্ড দেখেছিলেন কাতারের হোমাম আহমেদ। ফলে ম্যাচের বড় একটি সময় নয়জনের দল নিয়ে খেলতে হয় কাতারকে।

কাতারের ধারাবাহিক কড়া ট্যাকলে ক্ষুব্ধ ছিল কানাডার খেলোয়াড়রা। ম্যাচ শেষের বাঁশি বাজতেই সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কর্মকর্তারাও। উত্তেজনার আঁচ লাগে ডাগআউটেও; কানাডার প্রধান কোচ জেসি মার্শ এবং কাতারের কোচ জুলেন লোপেতেগুইকেও তর্কে জড়াতে দেখা যায়।

ম্যাচে কানাডার জয়ের নায়ক ছিলেন জোনাথন ডেভিড। ২৯তম মিনিটে প্রথম গোল করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করেন তিনি। এরপর ম্যাচের যোগ করা সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি।

কানাডার হয়ে প্রথম গোলটি করেন সাইল লারিন। ১৬তম মিনিটে মাহমুদ আবুনাদা ডেভিডের ভলি ফিরিয়ে দিলেও ফিরতি বলে জালে বল জড়ান তিনি। এরপর ডেভিডের জোড়া গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে কোনের বদলি হিসেবে নেমে ৬৪তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন নাথান সালিবা। ৭৫তম মিনিটে নিজেদের দুর্দশা আরও বাড়িয়ে আত্মঘাতী গোল করেন কাতারের মোহামেদ মানাই। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা।

এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি নকআউট পর্বের পথও অনেকটাই পরিষ্কার করে ফেলেছে কানাডা। ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বসে খেলা উপভোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত