
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস। বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর ম্যাচের ভেন্যু আটলান্টা স্টেডিয়ামকে ‘প্রকৃত ফুটবল স্টেডিয়াম নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপের অন্যতম ভেন্যু আটলান্টা স্টেডিয়াম। এই ভেন্যুতেই মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র। ম্যাচ শেষে স্টেডিয়ামের পরিবেশ নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে ব্রুস বলেন, ‘সত্যি বলতে, এটি অসাধারণ একটি স্টেডিয়াম। কিন্তু এটি ফুটবল স্টেডিয়াম নয়। আমি খোলা স্টেডিয়ামে খেলতে পছন্দ করি। আজতেকা স্টেডিয়ামের সঙ্গে তুলনা করলে এখানে একই রকম পরিবেশ অনুভব করি না। আজতেকা একটি প্রকৃত ফুটবল স্টেডিয়াম। তবে আমাদের এ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। দর্শকদের জন্য এসব স্টেডিয়াম দারুণ। কিন্তু আমি প্রকৃত ফুটবল স্টেডিয়ামেই খেলতে বেশি পছন্দ করি।’
এবারের বিশ্বকাপের ১৬ ভেন্যুর ১১টিই যুক্তরাষ্ট্রে। আবহাওয়ার প্রভাব কমাতে এসব স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও খোলা-বন্ধ করা যায় এমন ছাদের ব্যবস্থা রাখা হয়েছে। তবে ফুটবলের ঐতিহ্যবাহী পরিবেশের অভাবই যেন ব্রুসের আপত্তির মূল কারণ। একই সঙ্গে নিজেদের পারফরম্যান্স নিয়েও বিরক্ত এই কোচ। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারার পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও পিছিয়ে পড়েছিল তাঁর দল। তবে শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করে সমতায় ফেরে বাফানা বাফানা। এমনকি জয় তুলে নেওয়ার সুযোগও তৈরি করেছিল।
নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রুস বলেন, ‘আমার মনে হয় দল খুব ভালো খেলেছে এবং নিজেদের লক্ষ্যে পুরোপুরি মনোযোগী ছিল। আজ আমরা আরও বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম, কারণ আমরা সত্যিই ভালো খেলেছি। মাঝমাঠের ফাঁকা জায়গাগুলো আমরা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। খেলোয়াড়রা অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে, আর সেটিই গোল পাওয়ার ক্ষেত্রে পার্থক্য গড়ে দিয়েছে। আমি আমার দলকে নিয়ে খুবই গর্বিত।’
এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এ’-তে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা—দুই দলেরই সংগ্রহ এখন ১ পয়েন্ট। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি এখনো নকআউট পর্বে উঠার দৌড়ে টিকে আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্র মুখোমুখি হবে মেক্সিকোর, আর দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। নকআউটে জায়গা নিশ্চিত করতে দুই দলকেই শেষ ম্যাচে ইতিবাচক ফলের অপেক্ষায় থাকতে হবে।

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ইউলিয়ান নাগেলসম্যানের অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন তিনি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুসু টিভি। ঘটনার জেরে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান এল শো দেল ভেরানোর পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডা। তবে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচটিতে দলটির জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ম্যাচজুড়ে কাতারের খেলোয়াড়দের কড়া ট্যাকল এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের কারণে।
৩ ঘণ্টা আগে
জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল সহ আয়োজকেরা। দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউটে পা রাখল মেক্সিকো।
৪ ঘণ্টা আগে