Ajker Patrika

ইউরোপা লিগের দুই ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ, তদন্তে উয়েফা

ক্রীড়া ডেস্ক    
ইউরোপা লিগের দুই ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ, তদন্তে উয়েফা
গ্যালারিতে সংঘর্ষের একটি ঘটনা। ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের দুটি ম্যাচে সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে উয়েফা। মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচে সহিংসতায় ১১ বুলগেরিয়ান সমর্থক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। জর্জিয়ার বাতুমিতেও সংঘর্ষের কারণে বন্ধ রাখতে হয়েছিল ম্যাচ।

বৃহস্পতিবার মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচ ঘিরে সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত শুরু করেছে ফরাসি প্রসিকিউটর কার্যালয়। একটি তদন্ত চলছে মার্সেই সমর্থকদের গুরুতর হামলার অভিযোগে। অন্যটি বুলগেরিয়ান সমর্থকদের নাৎসি স্যালুট ও অন্যান্য উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগ নিয়ে।

রয়টার্সের ছবিতে মার্সেইয়ের স্টেড ভেলোদ্রোমে সংঘর্ষের সময় মুখোশধারী ও রক্তাক্ত সমর্থকদের হাতে ধাতব পাইপ ও বিভিন্ন ধরনের অস্ত্র দেখা গেছে। রয়টার্সের এক আলোকচিত্রীর ভাষ্য অনুযায়ী, সফরকারী দলের এক সমর্থক নাৎসি স্যালুট দেওয়ার পর সংঘর্ষের সূত্রপাত হয়। তবে লেভস্কি সোফিয়া দাবি করেছে, তাদের সমর্থকদের ওপর প্রথমে হামলা চালিয়েছিলেন মার্সেইয়ের সমর্থকেরা।

মার্সেইয়ের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

এদিকে, জর্জিয়ার বাতুমি শহরে বেসিকতাস ও হাপোয়েল বেয়ার শেভার ম্যাচেও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর ফলে ম্যাচটি ৩০ মিনিটের জন্য বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, দুটি ঘটনার তদন্ত করতে এবং সংশ্লিষ্ট প্রমাণ পর্যালোচনার জন্য নৈতিকতা ও শৃঙ্খলাবিষয়ক তদন্তকারীদের নিয়োগ দেওয়া হয়েছে।

মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচে সহিংসতার ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। মার্সেই পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ১১ জন বুলগেরিয়ান সমর্থক আহত হয়েছেন।

ফেসবুকে রাদেভ লিখেছেন, ‘আমরা একমত যে সভ্য ইউরোপে আগ্রাসন ও সহিংসতার কোনো জায়গা নেই।’

আহতদের চিকিৎসা, বুলগেরিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরাসি কর্তৃপক্ষের পদক্ষেপ এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগের জন্য মাখোঁকে ধন্যবাদ জানিয়েছেন রাদেভ।

মাখোঁও বুলগেরিয়ান সমর্থকদের লক্ষ্য করে চালানো সহিংসতার কঠোর নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, খেলাধুলা কিংবা জনপরিসরে এমন কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। রাদেভকে তিনি আশ্বস্ত করেছেন, ঘটনায় জড়িতরা শাস্তি এড়াতে পারবে না।

শুক্রবার পরে সোফিয়ায় ফরাসি দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, ‘আমাদের স্টেডিয়ামে সহিংসতা, বর্ণবাদী বিদ্বেষ ও উসকানির কোনো জায়গা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত