অবশেষে পুলিশের ‘খাতায়’ নাম উঠল আবাহনীর!

আবাহনীর বিপক্ষে জয়ের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল বাংলাদেশ পুলিশ এফসির। পেশাদার লিগে কখনোই যে দলটির কাছে হারেনি আবাহনী, সেই পুলিশের কাছেই এবার হারতে হলো মারুফুল হকের দলকে। গাজীপুরে ৩–২ গোলের জয়ে প্রথমবারের মতো আবাহনী-বধের স্বাদ পেয়েছে পুলিশ। দিনটা আরও হতাশার হয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। মুন্সীগঞ্জে এগিয়ে গিয়েও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ২–১ গোলে হেরেছে সাদা-কালোরা। একই দিনে দুই ঐতিহ্যবাহী ক্লাবের এমন হার লিগের শিরোপা দৌড়েও নতুন সমীকরণ তৈরি করল।
পেশাদার ফুটবলে এর আগে আবাহনীর বিপক্ষে কখনো জয়ের স্বাদ পায়নি পুলিশ। সেই রেকর্ড বদলাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দলটি। অষ্টম মিনিটে রাহুলের ক্রস থেকে গোলের সুযোগ তৈরি করেছিল তারা। আবাহনীর গোলকিপার প্রীতম কুমার তা ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেওয়ার আগেই পুলিশের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড স্টিফেন জুনিয়রকে বাধা দেন আবাহনীর ডিফেন্ডার আবদুল্লাহ ওমর।
২৭ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পুলিশের সেনেগালিজ ফরোয়ার্ড রাসুল বায়েরের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে ফ্রি কিক থেকে গোলের সুযোগ পেয়েছিল আবাহনীও। তবে মঙ্গলবার ফেডারেশন কাপে দারুণ গোল করা মোরসালিনের শট পুলিশের রক্ষণে আটকে যায়। প্রথমার্ধের শেষ দিকে আলআমিন বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি পুলিশ। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অবশ্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পুলিশকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দেড় মিনিটের মাথায় ডান দিক দিয়ে আবাহনীর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে নিচু ক্রস বাড়ান জাহিদ। সেখান থেকে নিখুঁত শটে গোল করে পুলিশকে এগিয়ে দেন রাসুল বায়ে।
৬১ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢোকার সময় রাসুলকে ফাউল করেন আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার সানডে। তাঁকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৬৩ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্টিফেন জুনিয়র। আবাহনীর গোলকিপার প্রীতম সঠিক দিকে ঝাঁপিয়েও বল আটকাতে পারেননি।
দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় আবাহনী। ৮৫ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে থাকা বদলি খেলোয়াড় ইমতিয়াজ রায়হানকে পাস দেন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ব্যবধান কমান ইমতিয়াজ। শেষ দিকে সমতায় ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আবাহনী। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাদের সেই আশা প্রায় শেষ করে দেন শফিক কাগিমু। রাসুল বায়েরের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ শটে ব্যবধান ৩–১ করেন তিনি।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজেদের বক্সে ফাউল করে পেনাল্টি হজম করে পুলিশ। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩–২ করেন বাবাতুন্দে। তবে ততক্ষণে ম্যাচে ফেরার সময় ফুরিয়ে গেছে আবাহনীর।
এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পুলিশ। আবাহনীর হারের দিনে লিগে প্রথম হারের স্বাদ পেয়েছে মোহামেডানও। মুন্সীগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে ষষ্ঠ মিনিটেই এগিয়ে গিয়েছিল সাদা-কালোরা। মুজাফফর মুজাফফরভের বাড়ানো লং বলে দারুণ গোল করেন শাহরিয়ার ইমন। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রাখলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ হারায় মোহামেডান।
৪৮ মিনিটে প্রিন্স ওউসুর পাস থেকে কোনাকুনি শটে রহমতগঞ্জকে সমতায় ফেরান ইব্রাহিম সেনে। ৬১ মিনিটে জয়সূচক গোলটিও আসে তাঁদের বোঝাপড়ায়। কুশল দেউবার ফ্রি কিক থেকে ইব্রাহিম সেনের ব্যাকহেডে বল পান প্রিন্স ওউসু। তাঁর নেওয়া ভলি ডাইভ দিয়েও ঠেকাতে পারেননি মোহামেডানের গোলকিপার আনিসুর রহমান জিকো। শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ।
৬ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। আর ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আবাহনী। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে মোহামেডান। মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২–২ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স।









