শুকির বিদায়ী ম্যাচে রবসনের জাদুতে কিংসের জয়

শেষ দিকে এক গোল শোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ফর্টিস এফসি। কিন্তু বসুন্ধরা কিংসের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরা হলো না তাদের। কিংস অ্যারেনায় স্বাগতিকদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি মিঠু চৌধুরীর গোল। তার আগে দুবার ফর্টিসের জাল খুঁজে নিয়েছেন রবসন রবিনিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলেই ২–১ ব্যবধানে জয় পেয়েছে বসুন্ধরা কিংস।
ম্যাচের শেষ ভাগে ফর্টিসের হয়ে মাঠে নামা শুকি ইতোফুসার জন্যও দিনটি ছিল বিশেষ। দেশের বাইরের লিগে খেলার সুযোগ পাওয়ায় মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ছেন তিনি। কিংসের বিপক্ষে ম্যাচটি ছিল ফর্টিসের জার্সিতে তাঁর শেষ উপস্থিতি। বিরতির সময় তাঁকে বিদায়ী সংবর্ধনাও দিয়েছে ক্লাব। তবে বিদায়ের ম্যাচে জয় পাওয়া হয়নি শুকির।
ম্যাচের গল্প অবশ্য শুরু হয়েছিল রবসনকে ঘিরেই। ১৭ মিনিটে তাঁকে বক্সের মধ্যে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার মিঠু চৌধুরী। পেনাল্টি থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন রবসন। প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫৩ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় কিংস। সেটি থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান রবসন। ফর্টিসের গোলকিপার সুজন পেরেরা লাফিয়েও আটকাতে পারেননি তাঁর শট। দুই গোলে পিছিয়ে পড়ে কঠিন চাপে পড়ে যায় ফর্টিস।
তবে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় সফরকারীরা। ৭২ মিনিটে পা ওমর বাবুর কর্নার থেকে হেডে গোল করেন মিঠু। প্রথমার্ধে পেনাল্টি উপহার দিয়ে যে ভুল করেছিলেন, গোল করে কিছুটা হলেও তা শোধ করেন ফর্টিসের এই ডিফেন্ডার। ব্যবধান ২–১ হওয়ার পর ম্যাচে উত্তেজনা বাড়ে।
এর পাঁচ মিনিট পর বদলি হিসেবে মাঠে নামেন শুকি ইতোফুসা। শেষ ম্যাচে দলকে সমতায় ফেরাতে পারলে বিদায়টা স্মরণীয় হতে পারত তাঁর। ফর্টিসও বাকি সময়ে গোলের জন্য চেষ্টা করেছে। কিন্তু কিংসের রক্ষণ ভেঙে আর জালে বল জড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত রবসনের দুই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
জয়ে লিগের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে বসুন্ধরা কিংসের। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে মোহামেডানকে টপকে দুইয়ে উঠেছে তারা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ফর্টিস।









