খেলা শুরুর আগেই চিরপরিচিত ‘রকস্টার’ বেশে পার্ক দে প্রিন্সেসে এসে হাজির রোনালদিনহো। বার্সেলোনা নাকি পিএসজি—কাকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, সেটি অবশ্য অজানাই থাকল। তবে দুই ক্লাবই যে তাঁর স্মৃতিধন্য! ব্রাজিল থেকে পিএসজিতে এসে বিশ্ববাসীকে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ৪৪ বছর বয়সী তারকা, তার পূর্ণ রূপ দেখিয়েছেন বার্সায়।
গ্যালারিতে রোনালদিনহোর উপস্থিতিই যেন পাল্টে দিল রাফিনহাকে। আইডলের সামনে পুরোপুরি মেলে ধরলেন নিজেকে। গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে বার্সার ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্যারিসে রাফিনহার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন পিটার ক্রাউচ। লিভারপুলের হয়ে ২০০৭ সালের চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হওয়া সাবেক ইংলিশ তারকা টিএনটি স্পোর্টসে বলেন, ‘আমার মনে হয় রাফিনহা ফার্স্ট ক্লাস।’
ক্রাউচের মুখে রাফিনহার সমতায় ফেরানো দ্বিতীয় গোলটি নিয়েই প্রশংসা বেশি। ৩৭ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। ৪৮ মিনিটে সেই গোল শোধ দেন পিএসজির ফরাসি ফরোয়ার্ডার ওসমানে দেম্বেলে। বার্সা ছেড়েই প্যারিসে এসেছেন তিনি এই মৌসুমের শুরুতে। দুই মিনিট পর ভিতিনহার গোলে উল্টো লিড নেয় লুইস এনরিকের দল। ৬২ মিনিটে বদলি নামা পেদ্রির অ্যাসিস্টে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন আন্দ্রেস ক্রিস্টেনসেন।
সদ্য চোট কাটিয়ে মাঠে ফিরেছেন রাফিনহা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৭ বছর বয়সী তারকাকে জ্বলে উঠতে দেখে খুশি জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে বার্সা কোচ পিএসজির বিপক্ষে ভালো খেলা খেলোয়াড়দের প্রশংসাও করলেন, ‘রাফিনহা ও রবার্ট লেভানডফস্কি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। পেদ্রিও প্রচুর সাহায্য করেছে। আমি খুবই খুশি এবং দলকে নিয়ে গর্বিত।’
এই ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন জাভির দুই তরুণ শিষ্য লামিনে ইয়ামাল (১৬ বছর ২৭২ দিন) ও পউ কুবার্সি (১৭ বছর ৭৯ দিন)। এ দুই স্প্যানিশই এখন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।
আগামী সপ্তাহে (১৬ এপ্রিল) শেষ আটের ফিরতি লেগ খেলতে কাতালোনিয়ায় যাবে পিএসজি। শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের। আর বার্সা ড্র করলেই উঠে যাবে সেমিফাইনালে।

স্কোরকার্ড দেখে অনেকের কাছেই ইকুয়েডর-কুরাসাও ম্যাচটা ম্যাড়মেড়ে মনে হতে পারে। কিন্তু অনেক ম্যাচ গোলশূন্য ড্র হলেও সেই ম্যাচগুলো হয়ে ওঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশ সময় ভোরে আজ কানসাস সিটিতে অনুষ্ঠিত ইকুয়েডর-কুরাসাও ম্যাচটা সেরকমই। কেউ না জিতলেও একজন জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। তিনি আর
৩৮ মিনিট আগে
মন্তেরেই স্টেডিয়ামে শেষ বাঁশি বাজানোর পর গ্যালারিতে জাপানি দর্শকদের হর্ষধ্বনি। অন্যদিকে তিউনিসিয়ার কয়েকজন ফুটবলারকে দেখা গেছে মাথা নিচু করে থাকতে। যে হাজারতম ম্যাচ জিতলে ইতিহাসের পাতায় নাম উঠে যায়, জাপান সেই ম্যাচ জিতল হেসেখেলে। তিউনিসদের ৪-০ গোলে হারিয়ে মাইলফলকের ম্যাচটা জাপান রাঙাল নিজেদের মতো...
১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—সৌদি আরবের কোচ জর্জিওস দনিস যেন এটাই বোঝাতে চেয়েছেন। স্পেনের সঙ্গে সৌদির যোজন যোজন পার্থক্য থাকলেও দনিস যে হারার আগে হেরে যাচ্ছেন না, সেটা ফুটে উঠেছে তাঁর কথায়। তিনি মনে করিয়ে দিলেন কাতার বিশ্বকাপের বহুল আলোচিত আর্জেন্টিনা-সৌদি ম্যাচের কথা।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ নামবে ধবলধোলাই এড়াতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি সরাসরি সম্প্রচার
৩ ঘণ্টা আগে