বালোগানের লাল কার্ড, ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার ও ৪২০ কোটি ডলারের এফএফই প্রস্তাব নিয়ে ফিফার কাছে ৪২টি প্রশ্ন পাঠিয়েছে উয়েফা। প্রতিটি প্রশ্নের লিখিত জবাব ও সংশ্লিষ্ট নথি আগামী ২ নভেম্বরের মধ্যে চেয়েছে সংস্থাটি।
গত ১৯ অক্টোবর ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রমকে চিঠি পাঠান উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিদিস। চিঠিটি দেখেছে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।
এর আগে ১৫ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কাউন্সিলের সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্যদের লিখিতভাবে প্রশ্ন জমা দিতে বলেন। ডিসেম্বরে পরবর্তী সভায় উত্তর দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তবে উয়েফা জানিয়েছে, জবাবের জন্য তত দিন অপেক্ষা করা যাবে না।
চিঠিতে উয়েফা বলেছে, ‘এই প্রশ্নগুলোর উত্তর এখনই প্রয়োজন। ফিফা কাউন্সিলের পরবর্তী সভা পর্যন্ত এগুলোর উত্তর পিছিয়ে দেওয়া যাবে না। ভবিষ্যতে প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও ইতিমধ্যে নেওয়া সিদ্ধান্তগুলোর পর্যালোচনা ও জবাবদিহির প্রয়োজনীয়তা এড়িয়ে যাওয়া যাবে না।’
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার কারণ জানতে চেয়েছে উয়েফা। ওই সিদ্ধান্তের ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পেরেছিলেন বালোগান। ম্যাচটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।
এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের প্রকৃত ভূমিকা কী ছিল, তা জানতে চাওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা স্থগিতের পূর্ণাঙ্গ লিখিত ব্যাখ্যাও প্রকাশের দাবি জানিয়েছে উয়েফা।
ফিফার শান্তি পুরস্কার নিয়েও প্রশ্ন তুলেছে উয়েফা। পুরস্কারটি প্রবর্তনে ইনফান্তিনোর ভূমিকা কী ছিল এবং কোন প্রক্রিয়ায় ট্রাম্পকে এটি দেওয়া হয়েছিল, তা জানতে চেয়েছে তারা। পুরস্কারপ্রাপক নির্বাচনে স্বাধীন প্রক্রিয়া ও বস্তুনিষ্ঠ মানদণ্ড অনুসরণ করা হয়েছিল কি না, সে বিষয়ে নথিও চেয়েছে উয়েফা।
ফিফার বাণিজ্যিক কার্যক্রম ও ইভেন্ট পরিচালনাসংক্রান্ত ব্যবসার ২০ শতাংশ অংশীদারত্ব ৪২০ কোটি ডলারে বিক্রির পরিকল্পনা ছিল ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই প্রস্তাবে। শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল হয়।
গত ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের সভায় বিষয়টি গোপন রাখার জন্য ক্ষমা চান ইনফান্তিনো। তবে প্রস্তাবটি কীভাবে তৈরি হয়েছিল বা কেন নেওয়া হয়েছিল, তার ব্যাখ্যা দেননি তিনি।
এ নিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন, কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানিসহ ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফার ভাইস প্রেসিডেন্ট ডেবি হিউইটও তাঁর সরে দাঁড়ানোর পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
তবে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের অনেকেই ইনফান্তিনোকে সমর্থন দিচ্ছেন। আগামী সভাপতি নির্বাচনে এখন পর্যন্ত প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শুধু ইনফান্তিনো। প্রার্থিতা ঘোষণার শেষ সময় ১৮ নভেম্বর।
এ ছাড়া বিশ্বকাপে তারকা ও অন্যান্য অতিথিদের বিশেষ আতিথেয়তা সুবিধাসম্পন্ন কক্ষে থাকার ব্যবস্থা ফিফা করেছিল কি না এবং এসব সুবিধা বিনা মূল্যে দেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও জবাব চেয়েছে উয়েফা।










