Ajker Patrika

‘হামজার কারণে বাংলাদেশের সঙ্গে খেলতে রাজি হয়েছে ভিয়েতনাম’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৭: ১৬
‘হামজার কারণে বাংলাদেশের সঙ্গে খেলতে রাজি হয়েছে ভিয়েতনাম’
হামজা চৌধুরী আসার পর ফুটবল নিয়ে বাংলাদেশে উন্মাদনা বেড়েছে অনেক গুণ। ছবি: বাফুফে

হামজা চৌধুরী আসার পরই যেন বাংলাদেশের ফুটবল ফিরে পেতে শুরু করল তার হারানো ঐতিহ্য। পুরো মাঠজুড়ে তাঁর বিচরণ। গোল তো তিনি করছেনই। প্রতিপক্ষ ফুটবলারদের বোতলবন্দী করে রাখতেও হামজার জুড়ি মেলা ভার। জাহিদ হাসান এমিলির মতে হামজা আসায় বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচের আগে বাংলাদেশ সবশেষ প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খেলেছে। এখন পর্যন্ত সর্বসাকল্যে তিনবার ভিয়েতনামের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে প্রথম দুই ম্যাচই তারা খেলেছে ২০০১ সালে। র‍্যাঙ্কিংয়েও তাদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৩ ও ১৮০ নম্বরে অবস্থান করছে ভিয়েতনাম ও বাংলাদেশ।

হামজার কারণেই ভিয়েতনামের মতো দল বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হয়েছে বলে মনে করেন এমিলি। আজকের পত্রিকার পডকাস্টে পরশু এমিলি বলেন, ‘শুরুতে ভিয়েতনাম ম্যাচ নিয়ে যদি বলি। দেখেন, ভিয়েতনাম আমাদের সাথে খেলতে রাজি হয়েছে কেন? ভিয়েতনাম কিন্তু সাফের দলের সঙ্গে তেমন একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে না। তারা কিন্তু অলরেডি ১৫ পয়েন্ট নিয়ে কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মেইন ড্র’তে চলে গিয়েছে। ২০২৭ সালে সৌদি আরবে যে এশিয়ান কাপ হবে, সেটাতে কিন্তু অলরেডি খেলে ফেলেছে।আমাদের ব্র্যান্ড ভ্যালু হামজার অন্তর্ভুক্তির কারণে হয়েছে। ভিয়েতনাম বলেন, ইন্দোনেশিয়া বলেন—তারা এখন আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হয়েছে। এ ছাড়া ফিফা উইন্ডোতে কিন্তু ভিয়েতনাম আমাদের সঙ্গে খেলতে রাজি হতো না।’

চুক্তির দিক থেকে হাভিয়ের কাবরেরার এটি বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ। ৩০ এপ্রিল বাফুফের সঙ্গে শেষ হচ্ছে তাঁর চুক্তি। নতুন করে আবারও তিনি ডাগআউটে থাকবেন কি না, তা হয়তো সময় বলে দেবে। তবে সম্ভাবনা নেই বললেই চলে। সমর্থকেরা তাঁর ওপর এতটাই বিরক্ত যে তাঁকে আর দেখতে চান না।

কাবরেরার ফুটবল জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন এমিলিও। আজকের পত্রিকার পডকাস্টে পরশু তিনি বলেন, ‘আমাদের এই দলটা এশিয়ান কাপে শেষ পাঁচটা ম্যাচ খেলেছে। কোচ কাবরেরাকে নিয়ে আসলে অনেক কথা বলেছি। আমি জানি না তার কী জ্ঞান রয়েছে ফুটবল সম্পর্কে। আমি আসলে তাকে সেভাবে মূল্যায়ন করতে চাই না। কারণ, সে যদি খুব ভালো কোচ হতো, আমরা এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এখন পাঁচ পয়েন্টে থাকতাম না। আমরা এখন ওই সিঙ্গাপুর, হংকংয়ের সঙ্গে ৮-৯ পয়েন্টের দৌড়ে থাকতাম। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো যে কারা খেলবে মূল পর্বে।’

৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে সিঙ্গাপুর। ৮, ৫ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে হংকং, বাংলাদেশ ও ভারত। যেখানে গত বছরের নভেম্বরে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ মুহূর্তের ভুলে হেরে গেছে বাংলাদেশ।

এমিলির মতে কোচ কাবরেরার ট্যাকটিকাল ভুলের কারণে বাংলাদেশ বেশ কিছু ম্যাচ হেরেছে। আজকের পত্রিকার পডকাস্টে বাংলাদেশের সাবেক স্ট্রাইকার বলেন, ‘হোমে কতগুলো ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। সবই তার (কাবরেরা) ট্যাকটিক্যাল ভুলের কারণে। দেখুন আমাদের প্রবাসী ফুটবলাররা খুবই প্রতিভাবান ও সলিড ফুটবলার তারিক কাজী, শমিত শোম। আপনার গেম প্ল্যানের বড় অংশ ছিল তারা। আপনি যখন জানেন তপু বর্মণকে পাচ্ছেন না, রাকিবকে পাচ্ছেন না, তখন তো আপনার অনেক আগে থেকেই পরিকল্পনা করা উচিত ছিল যে এই জায়গাগুলো আমি কীভাবে মেকআপ করব।’

২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৮ ম্যাচে ৪ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন এক গোলে। পেনাল্টি, বাইসাইকেল, হেড—সব রকমভাবেই গোল দিয়েছেন তিনি। সিঙ্গাপুরের সংবাদমাধ্যমগুলোতেও গুরুত্ব পাচ্ছেন বাংলাদেশের প্রাণভোমরা হয়ে ওঠা হামজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত