Ajker Patrika

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের বাড়তি সতর্কতা

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের বাড়তি সতর্কতা
অনুশীলনে মেসিরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল দেওয়ার আগে ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান তিনি।

সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপ সামনে রেখে মে মাসের শেষ সপ্তাহে এজেইজায় অনুশীলন ক্যাম্প শুরু করবেন স্কালোনি। এরপর যুক্তরাষ্ট্রে যাবে লা আলবিসেলেস্তেরা, যেখানে চলবে বিশ্বকাপের মূল প্রস্তুতি। ফিফার নির্ধারিত সময় অনুযায়ী, বিশ্বকাপের জন্য আগামী ৩০ মের মধ্যেই চূড়ান্ত দল জমা দিতে হবে।

প্রস্তুতি ক্যাম্পে স্কালোনির বাড়তি খেলোয়াড় ডাকার পরিকল্পনার পেছনে রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা। সেই আসরের ঠিক আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস এবং জোয়াকিম কোররেয়া। পরে জরুরি ভিত্তিতে দলে নেওয়া হয়েছিল অ্যাঞ্জেল কোররেয়রা এবং থিয়াগো আলমাদাকে। এবার তাই আগেভাগেই বিকল্প প্রস্তুত রাখতে চাইছেন আর্জেন্টাইন কোচ।

এই পরিকল্পনার কারণে চূড়ান্ত দল ঘোষণার আগেই কিছু নতুন মুখের নাম আলোচনায় এসেছে। বিশেষ করে উইঙ্গার পজিশনে বাড়তি বিকল্প খুঁজছেন স্কালোনি। সম্ভাব্য চমক হিসেবে সামনে এসেছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাথিয়াস সুলে। দুজনই আছেন আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায়। অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো বুয়েন্দিয়াকে সর্বশেষ আর্জেন্টিনা দলে দেখা গেছে ২০২৫ সালের নভেম্বরে; অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে। অন্যদিকে রোমার তরুণ ফরোয়ার্ড সুলে জাতীয় দলের অভিষেকের অপেক্ষায় আছেন। এর আগেও কয়েক দফা দলে ডাক পেলেও মাঠে নামা হয়নি তাঁর।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস। ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে খেলবে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে।

এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপে তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত