Ajker Patrika

ঢাকায় সাফ খেলতে আসছে ভারতের দ্বিতীয় সারির দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২১: ৫২
ঢাকায় সাফ খেলতে আসছে ভারতের দ্বিতীয় সারির দল
সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে ভারতের দায়িত্ব সামলাবেন অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নওশাদ মুসা। তাঁর সহকারী হিসেবে থাকছেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেস।

তবে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে না ভারত। দলের বেশিরভাগ ফুটবলারই অনূর্ধ্ব–২৩ দলের। নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। তাই সাফের জন্য পাঠিয়েছে দ্বিতীয় সারির দল। তবে গত সেপ্টেম্বর–অক্টোবরে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত সেই দল থেকে এবারের সাফের দলে আছেন ছয়জন—বিজয় ভার্গিস, হমিংথানমাওইয়া রালতে, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, রিকি জন শাবং ও ইরফান ইয়াদওয়াদ। ওই দলের রিজার্ভে থাকা চিংলেনসানা সিং কোনশাম ও সুরেশ সিং ওয়াংজামও আছেন সাফের ২৮ জনের তালিকায়।

দলের ১৮ ফুটবলার ৩ নভেম্বর কলকাতা থেকে ঢাকায় আসবেন। ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার পর বাকি ১০ জন পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন। টুর্নামেন্টের দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে শেষ চারের লড়াই, ফাইনাল ১৭ নভেম্বর। সব ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গী মালদ্বীপ ও পাকিস্তান। ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত। ১১ নভেম্বর তাদের প্রতিপক্ষ মালদ্বীপ।

২০২৩ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সর্বশেষ সাফের ফাইনালে কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের ২৮ সদস্যের দল

গোলরক্ষক: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আবদুল রবি, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাওইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মোহাম্মদ উভাইস, নাথান রদ্রিগেস, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।

মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচোম, ব্রাইসন ফার্নান্দেস, এবিনদাস যেসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, ম্যাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মোহাম্মদ সুহাইল, বিষ্ণু পি ভি, সুহাইল আহমেদ ভাট।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত