Ajker Patrika

টাকা খরচের ভোটে মেসিকে পেছনে ফেলার পর মুখ খুললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
টাকা খরচের ভোটে মেসিকে পেছনে ফেলার পর মুখ খুললেন রোনালদো
লিওনেল মেসিকে এবার পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো এখন ক্যারিয়ার সায়াহ্নে এসে পৌঁছেছেন। তবে দীর্ঘ ক্যারিয়ারে তাঁদের এত রেকর্ড, এত অর্জন—সেসব নিয়ে কথা না হয়ে কি পারে! এবার রোনালদো-মেসিকে নিয়ে আলোচনা ভিন্ন এক কারণে। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে পেছনে ফেলার পর নীরবতা ভাঙলেন রোনালদো।

মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ (বোট) পুরস্কার জিতেছেন রোনালদো। তবে এই পুরস্কারে নেই কোনো শিরোপা। উপরন্তু ভক্ত-সমর্থকদের টাকা খরচ করে ভোট দিতে হয়েছে। মেসিকে পেছনে ফেলে বোট পুরস্কার জিতলেও সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের নাম উল্লেখ করেননি রোনালদো। ব্যালন ডি’অরে চুমু খাওয়ার ছবি পোস্ট করে রোনালদোর ক্যাপশন, ‘ফুটবল ভক্তদেরই খেলা। বিশ্বের ভক্ত-সমর্থকদের ধন্যবাদ। সর্বকালের সেরা ব্যালন ডি'অর পুরস্কারটিও আপনাদের।’

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী বোট পুরস্কারের আয়োজন করে। ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে কোন মৌসুম সেরা, সেটা ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়। ১ অক্টোবর থেকে ভোট চালু করা হয়েছিল। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো খরচ করতে হয়েছে ভক্ত-সমর্থকদের। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩৮ টাকা। মঙ্গলবার রাতে ভোট শেষে মেসিকে টপকে বোট পুরস্কার জিতলেন রোনালদো। ২০০৮ সালে রোনালদোর ব্যালন ডি’অর এবার বোট পুরস্কার জিতেছে।

অন্তত দুইবারের ব্যালন ডি’অর জয়ীদের নিয়ে বোট পুরস্কারের আয়োজন করা হয়েছিল। ভোটে দ্বিতীয় হয়েছে মেসির ২০১২ ব্যালন ডি’অর। তালিকায় প্রথম ১২টি ব্যালন ডি’অরের পুরস্কার মেসি–রোনালদোর দখলে। ২০০২ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর ব্যালন ডি’অর বোটে ১৩তম স্থান পেয়েছে।

২৬ অক্টোবর লন্ডনে উৎসবমুখর পরিবেশে হ্যারি কেইন প্রথমবারের মতো জেতেন ব্যালন ডি’অর পুরস্কার। সব মিলিয়ে ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে কেইন জেতেন ব্যালন ডি’অর। এর আগে ইংলিশদের হয়ে এই পুরস্কার জিতেছিলেন স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান এবং ওয়েন। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন পর্তুগালের রোনালদো। ব্রাজিলিয়ান রোনালদো দুইবার জেতেন ব্যালন ডি’অর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত