Ajker Patrika

ফিফার নতুন নিয়মের কড়া সমালোচনা করলেন আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক    
ফিফার নতুন নিয়মের কড়া সমালোচনা করলেন আর্জেন্টিনা কোচ
হাইড্রেশন ব্রেকের কড়া সমালোচনা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নতুনত্বই তো নিয়ে এসেছে ফিফা। হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ আর কত কী! যার মধ্যে হাইড্রেশন ব্রেকের পক্ষে-বিপক্ষে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। লিওনেল স্কালোনির মতে ফিফার নতুন এই নিয়ম খেলার ছন্দ নষ্ট করে দিচ্ছে।

দুই অর্ধেই ৩ মিনিট করে পানি পানের বিরতির নিয়ম চালু করা হয়েছে এবারের বিশ্বকাপে। তাতে করে ৯০ মিনিটের ম্যাচ ভাগ হচ্ছে চার ভাগে। তীব্র গরমে ফুটবলাররা যেন হাঁপিয়ে না ওঠেন, সেজন্য এবার হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে হাইড্রেশন ব্রেকের কড়া সমালোচনা করেছেন স্কালোনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘গরম আবহাওয়া এবং বারবার খেলা থেমে যাওয়ার কারণে তাত্ত্বিকভাবে দুর্বল দল কিছুটা সুবিধা পায়। আমার মনে হয়, শেষ পর্যন্ত এটি করা হয়েছে খেলার সময় বাড়ানোর জন্য। কিন্তু এতে ম্যাচের ধারাবাহিকতা কিছুটা নষ্ট হয়। চারটি আলাদা ভাগে খেলার বিষয়টি আমার কাছে অবাস্তব মনে হচ্ছে।’

প্রথমার্ধ শেষে কোচরা ম্যাচের ট্যাকটিকস নিয়ে যে পরিকল্পনা করেন, সেটার জন্য বাড়তি সুযোগ হাইড্রেশন ব্রেকেই মিলছে বলে স্কালোনির বিশ্বাস। অস্ট্রিয়া ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় ভোরে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমার মাথায় যা পরিকল্পনা থাকে, সেই ২২ মিনিটের মধ্যে মাঠে যা ঘটে তার ভিত্তিতে সবকিছু বদলে যেতে পারে। স্ট্যান্ডে আমাদের বিশ্লেষকরা খেলা পর্যবেক্ষণ করেন আর আমরা বেঞ্চে থাকি। সিদ্ধান্ত যেসব বিরতির সময় নেওয়ার কথা, তা হাইড্রেশন ব্রেকেই নিতে পারা যায়।’

আর্জেন্টিনার মতো অস্ট্রিয়াও বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। তা ছাড়া অস্ট্রিয়ার ডেভিড আলাবা, মার্সেল সাবিৎসাররা ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। প্রতিপক্ষ যা-ই হোক, স্কালোনি আর্জেন্টিনা দলটাকে যে তিলে তিলে সুখী পরিবারের মতো তৈরি করেছেন, তাতে করে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি হয় না। ডালাসে আজ বাংলাদেশ সময় ভোরে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘দল ভালো ও খারাপ—দুই ধরনের পরিস্থিতিই একসঙ্গে মোকাবিলা করে। বন্ধুর মতো পরিবেশ থাকলে সবকিছুই সহজ হয়। আমাদের সবার সেটাই মনে হয়।’

লিওনেল মেসির হ্যাটট্রিকে ১৭ জুন কানসাসে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছিল আলজেরিয়াকে। সেদিনই সান ফ্রান্সিসকোতে কয়েক ঘণ্টা পর জর্ডানের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল অস্ট্রিয়া। আর্জেন্টিনা-অস্ট্রিয়া দুই দলেরই পয়েন্ট ৩ হলেও ‘জে’ গ্রুপে শীর্ষে আর্জেন্টিনা। অস্ট্রিয়া অবস্থান করছে দুইয়ে। তিন ও চারে রয়েছে জর্ডান ও আলজেরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত