Ajker Patrika

ভারতের জয়ের পথে বাধা বৃষ্টি

ক্রীড়া ডেস্ক    
ভারতের জয়ের পথে বাধা বৃষ্টি
উইকেট নেওয়ার পর ভারতের ক্রিকেটারদের উদযাপন। ছবি: ক্রিকইনফো

চতুর্থ দিন শেষে স্কোরবোর্ড বলছে, গল টেস্টে জয়ের পাল্লাটা ভারী ভারতের দিকেই। চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা নয়, সম্ভাব্য জয়ের পথে থাকা শুভমান গিলের দলের সামনে প্রধান বাধা এখন প্রকৃতি।

ভারতের দেওয়া ৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপের মুখে আছে শ্রীলঙ্কা। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। বাকি ৬ উইকেটে আরও ২৮৮ রান করতে হবে লঙ্কানদের। এই সমীকরণ মেলাতে অতিমানবীয় কিছুই করতে হবে ধনঞ্জয়া ডি সিলভার দলকে। জয়-পরাজয়ের সমীকরণ একপাশে রেখে আপাতত শ্রীলঙ্কাকে স্বস্তি দিচ্ছে বৃষ্টি।

শ্রীলঙ্কা লক্ষ্য তাড়া করতে নামলে বৃষ্টির কারণে সাময়িকভাবে খেলা বন্ধ ছিল। পরে বৃষ্টি থামলে ফের মাঠে বল গড়ায়। আগামীকালও বেরসিক বৃষ্টি হানা দেওয়ার জোর সম্ভাবনা আছে। আবহওয়ার খবর দেওয়া ওয়েবসাইট আকুওয়েদারের তথ্য বলছে, আগামীকাল গলে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। এ ছাড়া দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকবে। শেষ পর্যন্ত আকুওয়েদারের তথ্য সত্যি হলে, ড্রয়ে শেষ হবে গল টেস্ট।

গল টেস্টে পূর্ণ পয়েন্ট না পেলে বড় ক্ষতির মুখে পড়ে যাবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার পথে বাকি থাকা ম্যাচগুলো জেতার বিকল্প নেই তাদের। এই মুহূর্তে টেবিলের পাঁচে অবস্থান করছে এশিয়ার দলটি।

শেষ দিন প্রকৃতি বেঁকে বসার আভাস দিলেও নিজেদের কাজটা ঠিকঠাক করছে ভারত। ৪৭ রানেই শ্রীলঙ্কার ৪ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখায় সফরকারী দলের বোলাররা। ভারতের তোপের মুখে পড়ে নিশান মাদুশকা ৬, পাসিন্দু সুরিয়াবান্দারা ০, কুশল মেন্ডিস ২ ও লাহিরু উদারাকে ১৬ রানে ফেরেন। এরপর ধনঞ্জয়া ও সোনাল দিনুশা ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি অংশ নির্বিঘ্নে পার করে দেন। এই দুজন যথাক্রমে ৩১ ও ২৫ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবেন। ভারতের হয়ে ৩০ রানে ২ উইকেট নেন মানভ সুথার। মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার শিকার একটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত