
আরও একবার সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন সঞ্জু স্যামসন। তাতে কি, ভারত কি সুবিধা পাচ্ছে না? টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে টিকে থাকার চেয়ে দ্রুত রান তোলাই বেশি কার্যকরী। সর্বশেষ দুই ইনিংসের মতো স্যামসন ফাইনালেও ঠিক একই কাজটা করলেন সুনিপুণভাবে। প্রথমটি জয়ের পর ভারত পরের দুটিতে গড়েছে শক্ত ভিত।
একটুও কি এখন হালকা মনে হচ্ছে তাঁর? বছরের পর বছর তাঁকে বসে থাকতে হয়েছে ডাগআউটে। সুযোগ পেয়ে এক-দুবার ঝলক দেখালেও ব্যাটে আনতে পারেননি ধারাবাহিকতা। তিনিই এখন ভারতের নয়নমণি। এই বিশ্বকাপেও তো শুরুতে প্রথম একাদশের দরজা ভাঙতে পারেননি। করতে হয়েছে অপেক্ষা। অবশ্য ভারতের এই দলে স্যামসনের চেয়ে ভালো অপেক্ষার ক্ষণ গুনতে কেই-বা পারেন।
নামিবিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে তেমন কিছু করতে পারলেন না। টুর্নামেন্টের মাঝপথে ডানহাতি ব্যাটারের অভাব বোধ করা ভারত স্যামসনকে আর আড়ালে রাখতে পারল না। যখন খুব দরকার পড়ল, স্যামসন জ্বলে উঠলেন তখনই। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংস ভারতকে নিয়ে যায় সেমিফাইনালে।
শেষ চারে শতকোটি ভারতীয়কে চুপ করিয়ে দিতে চেয়েছিল ইংল্যান্ড। স্যামসন বুঝিয়ে দিলেন, আহত সিংহ কতটা ভয়ংকর। মুম্বাইয়ে ৮৯ রানের ইনিংসে ভারতের সংগ্রহ আড়াই শ ছাড়িয়ে যায়।
আহমেদাবাদে গতকাল ফাইনালেও একই প্রতিচ্ছবি। স্যামসনের ব্যাট হাসল, হাসল ভারতও। ৪৬ বলে ৫ চার ও ৮ ছক্কায় এবারও ৮৯ রানে আউট হন কেরালা থেকে উঠে আসা এই ওপেনার। এতে অবশ্য বিন্দুমাত্র আফসোস থাকার কথা নয়। তা সেমিফাইনালের পরই বলেছিলেন তিনি, ‘আমি সেঞ্চুরি মিস করিনি—৯৭ নট আউট এবং ৮৯ রান করাটাও অনেক বড় ব্যাপার ছিল। আমার জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলো এখন কাটছে, তাই অত্যন্ত কৃতজ্ঞ।’
স্যামসন এখন স্বপ্নের মধ্যে আছেন। তাঁর স্বপ্নের ক্যানভাসে গড়াগড়ি খেয়েছে একের পর এক রেকর্ড। বিশ্বকাপের ফাইনালে তাঁর চেয়ে বেশি রান কেউ করেননি। এই বিশ্বকাপে একমাত্র ব্যাটার; যিনি অফ-সাইডে ১৭৫-এর বেশি স্ট্রাইকরেটে এক শর বেশি রান করেছেন। ১৪তম ওভারে রাচিন রবীন্দ্রকে মারা স্যামসনের ছক্কার হ্যাটট্রিকের সঙ্গে প্রথম দল হিসেবে বিশ্বকাপের এক আসরে ১০০ ছক্কা মারার নজির গড়ল ভারত।
২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহেলা জয়াবর্ধনের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিনটি আশির বেশি রানের ইনিংস খেললেন স্যামসন। ফাইনাল শেষে টুর্নামেন্টের সেরা স্যামসন স্বপ্নের কথাই বললেন, ‘এটি স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। আবেগে ভেসে যাচ্ছি, কী বলব ভাষাও খুঁজে পাচ্ছি না।’
টুর্নামেন্টসেরা হওয়াটা তাঁর সামনে চলার পাথেয় বলে জানালেন স্যামসন, ‘২০২৪ বিশ্বকাপে দলে থেকেও খেলার সুযোগ পাইনি। তখন থেকে কল্পনা করতাম এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছিলাম; আজ (গতকাল) যা হয়েছে, ঠিক এটাই করতে চেয়েছিলাম। নিউজিল্যান্ড সিরিজের পর ভেঙে পড়েছিলাম, আমার স্বপ্নগুলো পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু ওপরওয়ালার পরিকল্পনা ছিল ভিন্ন। স্বপ্ন দেখার মতো সাহসী হওয়ার পুরস্কার আমি পেয়েছি।’

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
৪১ মিনিট আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
৩ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে