কোহলিকে লক্ষ্য করে ব্যাট ছোড়ার ঘটনা ভাইরাল

খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, আর কী। অসংখ্য রেকর্ড গড়া বিরাট কোহলি যেখানেই যান, তাঁকে একনজর দেখতে উন্মুখ হয়ে থাকেন ক্রিকেট প্রেমীরা। এমনকি তাঁর অটোগ্রাফ পেতে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তবে এবার কোহলির সঙ্গে যা হলো, তা নিশ্চয়ই তিনি আশা করেননি।
ওয়েলিংটনে গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোহলির সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। নিউজিল্যান্ডের বিপক্ষে যখন সীমানার ধারে ফিল্ডিং করছিলেন, তখন এক দর্শক ছোট একটি প্লাস্টিকের ব্যাট মাঠের ভেতরে ছুড়ে মারেন। এতে বিরক্তি প্রকাশ করেন ভারতের অভিজ্ঞ এই ক্রিকেটার। ধারণা করা হচ্ছে, সাবেক ভারতীয় অধিনায়কের কাছ থেকে অটোগ্রাফ পেতেই দর্শক ব্যাটটি মাঠে ছুড়েছেন। তবে এমন আচরণে কোহলি যে অসন্তুষ্ট, সেটা তাঁর অভিব্যক্তিতে ফুটে উঠেছে। প্লাস্টিকের ব্যাটটি তুলে মাঠের বাইরে ছুড়ে ফেলেন। দর্শকেরা যেন এমনটা না করেন, সেই বুঝিয়েছেন কোহলি।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ৪ রানে হারিয়েছে ভারত। শুরুতে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ চাপে পড়লেও লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় সফরকারীদের। ৪৭ ওভারে নিউজিল্যান্ডের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত করে ১১৩ রান। তখনো ২৬ রানে অপরাজিত ছিলেন রাহুল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ডিএলএস মেথডে ভারতের পার স্কোর ছিল ১০৯ রান। পরে খেলা শুরু করার মতো পরিস্থিতি ছিল না। ভারত জেতে ৪ রানে।
ব্যাটিংয়ে নেমে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। জ্যাকব ডাফিকে উড়িয়ে মারতে গিয়ে শর্ট কাভারে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। মাত্র ৭ রান করেই ড্রেসিংরুমে ফেরেন ভারতের এই তারকা ব্যাটার। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। পরশু হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত।









-c6094b-256x144.webp)
