Ajker Patrika

নান্দাইলে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২, আহত ৪

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ২১: ৫০
নান্দাইলে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২, আহত ৪
শনিবার রাত ৮টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় একটি পিকআপ উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত দুজনই পুরুষ। তাঁদের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

আহত ব্যক্তিরা হলেন—নেত্রকোনা সদরের মল্লিকপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাব্বির মিয়া (৩০), বটতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (২০), তাঁর ভাই রানা মিয়া (২৪) এবং তাঁদের দুলাভাই খোকন মিয়া (৩৫)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নেত্রকোনা বাসস্ট্যান্ড থেকে পিকআপে করে ত্রিশালের দিকে রওনা দেন তাঁরা। রাত ৮টার দিকে বাহাদুরনগর এলাকায় বালুবাহী ডাম্প ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং ৪ জন গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় নান্দাইল ফায়ার সার্ভিস আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাঁদের তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান খোকন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের পরিচয় জানা যায়নি। আহতদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল ফায়ার সার্ভিসের দলনেতা আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা নেত্রকোনা বাসস্ট্যান্ড থেকে পিকআপে করে এসেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত