নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কনকাশন বদলি হিসেবে মোহাম্মদ সিরাজকে না নিয়ে প্রসিধ কৃষ্ণকে বেছে নিয়েছে ভারত। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট সুনীল গাভাস্কার। তাঁর মতে, সিরাজকে সুযোগ দিলে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি হতো।
ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় মাথায় একাধিকবার আঘাত পান আকাশ দীপ। পরে কনকাশনের কারণে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। রোববার চা বিরতির কিছুক্ষণ আগে আকাশের বদলি হিসেবে কৃষ্ণকে মাঠে নামায় ভারত।
তবে গাভাস্কারের মতে, এই জায়গায় সিরাজকে বেছে নেওয়া উচিত ছিল। নিউজিল্যান্ডের ব্যাটাররা সিরাজকে নিয়ে সেভাবে প্রস্তুতি নেয়নি। ফলে তাঁর উপস্থিতি প্রতিপক্ষের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারত।
সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, ‘দুইজনের ক্ষেত্রেই যুক্তি আছে। একজন আগে খেলেছে, ফলে কোন লাইন ও লেংথে বল করতে হবে, সে সম্পর্কে তার ধারণা আছে। ইতিমধ্যে কিছুটা ছন্দও পেয়েছে। তবে আমি বিষয়টি অন্য দৃষ্টিকোণ থেকেও দেখতে চাই। ব্যাটিং দল হিসেবে আপনি যে বোলারদের মুখোমুখি হবেন, তাদের নিয়েই প্রস্তুতি নেন। তারা সিরাজকে নিয়ে সেভাবে ভাবেনি। ফলে শব্দটি ব্যবহার করলে, সিরাজ তাদের জন্য চমক হতে পারত।’
সিরিজের প্রথম টেস্টে ওয়েলিংটনে খেলেছিলেন প্রসিধ। প্রথম ইনিংসে ১০০ রান দিয়ে ১ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তবে ক্রাইস্টচার্চ টেস্টে অভিষিক্ত গুরনুর ব্রারকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েন প্রসিধ।
প্রথম টেস্টে প্রসিদ্ধের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নন গাভাস্কার। নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে তাঁকে খুব বেশি কার্যকর মনে হয়নি এই সাবেক ভারতীয় অধিনায়কের।
গাভাস্কার বলেন, ‘তারা ইতিমধ্যে প্রসিদ্ধ কৃষ্ণকে খেলেছে। সে কী করতে পারে, তা তারা জানে। তার কাছ থেকে তারা সেভাবে হুমকি অনুভব করেনি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে সে উইকেট পেয়েছে, তবে বলা যাবে না যে সে তাদের খুব বেশি চাপে ফেলেছে। তার রেকর্ডের দিকেও তাকালে, আমি নিশ্চিত নই, টেস্ট ক্রিকেটে যে অর্ধ ডজন কিংবা এক ডজন ম্যাচ সে খেলেছে, তার মধ্যে কোনো ইনিংসে পাঁচ উইকেট নিতে পেরেছে কি না।’










