Ajker Patrika

দীর্ঘ ভ্রমণের পর কেমন আছেন ক্রিকেটাররা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭: ৫২
দীর্ঘ ভ্রমণের পর কেমন আছেন ক্রিকেটাররা
ডারউইন ছাড়ার আগে এভাবেই হাসিমুখে ক্যামেরাবন্দী হন হাসান, ইবাদত, তাসকিন ও খালেদ। ছবি: তাসকিনের ফেসবুক পেজ

বাজে এক অভিজ্ঞতাই হলো বাংলাদেশ দলের। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর সফরকারীদের পুরো নজর এখন দ্বিতীয় টেস্টের দিকে। তার আগে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মোকাবেলা করতে হলো নাজমুল হোসেন শান্তদের।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ডারউইন ছেড়ে এরই মধ্যে ম্যাচ ভেন্যুর শহরে পৌঁছেছে বাংলাদেশ। তবে এই যাত্রা ছিল ভোগান্তিতে ভরা। ফ্লাইট বিলম্বের কারণে ৬ ঘণ্টার রাস্তা পাড়ি দিতে সময় লেগেছে সাড়ে ১৪ ঘণ্টা।

ডারউইনে টিম হোটেল থেকে ভোর সাড়ে পাঁচটায় বিমানবন্দরে উদ্দেশে বের হয় বাংলাদেশ দল। সকাল সাতটায় ম্যাকাইয়ের বিমানে চড়ে অতিথিরা। দলের বিমান যখন ম্যাকাইতে অবতরণ করে, ঘড়ির কাটায় তখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যেতে লেগেছে আরও এক ঘণ্টা। সব মিলিয়ে ক্লান্তিকর একটা দিনই পার করল বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের আগে দীর্ঘ ভ্রমণের পরও ভালো আছেন ক্রিকেটাররা—আজকের পত্রিকাকে এমনটাই জানালেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ফ্লাইট বিলম্বে বাড়তি সময় লাগলেও কোনো অভিযোগ করেননি সাবেক এই অধিনায়ক।

সুমন বলেন, ‘আমরা পৌঁছেছি ম্যাকাইতে। ভ্রমণটা অনেক দীর্ঘ ছিল। সাড়ে পাঁচটার সময় হোটেল থেকে বের হয়েছি। সাতটার সময় ফ্লাইট ছিল। ম্যাকাইতে এসে হোটেলে পৌঁছাতে রাত আটটা বেজেছে। লম্বা ভ্রমণ। কিন্তু সবাই ভালো আছি। কোনো অভিযোগ নেই, আলহামদুলিল্লাহ।’

ম্যাকাইতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট। সেই ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পা রাখবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এরই মধ্যে সে টেস্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ডারউইনে হেরে যাওয়ায় ম্যাকাই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। সমতায় সিরিজ শেষ করতে চাইলে জিততেই হবে প্যাট কামিন্সের দলকে। বাংলাদেশ যে দুই ম্যাচের এই টেস্ট সিরিজে হারছে না সেটা এখন নিশ্চিত। দ্বিতীয় ম্যাচে হার এড়ালেই সিরিজ নিজেদের করে নেবে শান্তরা। নির্ভার থেকেই তাই মাঠে নামবে সফরকারী দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত