Ajker Patrika

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ ডোনাল্ড

ক্রীড়া ডেস্ক    
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ ডোনাল্ড
বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড এবার জোবার্গ সুপার কিংসে। ছবি: এএফপি

অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংস গতকাল ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। এরিক সিমন্সের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ডোনাল্ড। সিমন্স এখন ইংল্যান্ডে স্টিফেন ফ্লেমিংয়ের কোচিং স্টাফে যোগ দেবেন।

ডোনাল্ড ২০২৭ এসএ টোয়েন্টিতে জোবার্গে অ্যালবি মরকেলের সঙ্গে কাজ করবেন। দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। জোবার্গের প্রধান কোচ এখন মরকেল। সাবেক উইকেটরক্ষক ব্যাটার পিয়েরে ডি ব্রুইনও ফ্র্যাঞ্চাইজিটির নতুন ফিল্ডিং কোচ হিসেবে যোগ দেবেন। এই নিয়ে তৃতীয়বার মরকেল-ডোনাল্ড একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। এর আগে টাইটানস ও নামিবিয়ার হয়ে দুজনে কাজ করেছিলেন।

২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। আন্তর্জাতিক পর্যায়ে তিনি দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, নামিবিয়ার সঙ্গে কাজ করেছেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন ডোনাল্ড। এছাড়া ওয়ারউইকশায়ার, কেন্ট, মাউন্টেনিয়ার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলেও কোচিং করিয়েছেন তিনি।

এসএ টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ-প্রিটোরিয়া ক্যাপিটালস। কেপটাউনে ২১ ফেব্রুয়ারি হবে ফাইনাল। ২০২৬ এসএ টোয়েন্টির ফাইনালে প্রিটোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। এখন পর্যন্ত চারবারের মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স। আরেকবার শিরোপা জিতেছে এমআই কেপটাউন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত