Ajker Patrika

ভারত-পাকিস্তান ঝামেলা মেটাতে হরভজনকে অনুরোধ পাকিস্তানি সমর্থকের

ক্রীড়া ডেস্ক    
ভারত-পাকিস্তান ঝামেলা মেটাতে হরভজনকে অনুরোধ পাকিস্তানি সমর্থকের
ভারত–পাকিস্তান বিবাদ নিয়ে হরভজন সিংয়ের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন পাকিস্তানি এক সমর্থক। ছবি: সংগৃহীত

খেলা হোক কিংবা মাঠের বাইরে ভারত–পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। তবে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের মধ্যে মাঠের উত্তেজনা বেড়েই চলেছে। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল–দুই পর্যায়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে একাধিকবার বিবাদে জড়ানোর ঘটনা ঘটেছে। এবার এমন পরিস্থিতিতে ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন পাকিস্তানি এক সমর্থক।

ওই সমর্থকের অনুরোধের জবাবে তরুণ ক্রিকেটারদের প্রতি নিজের পরামর্শের কথা জানিয়েছেন ভারতীয় সাবেক এই স্পিনার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হরভজনের সঙ্গে কথা বলছেন এক পাকিস্তানি সমর্থক। ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক বিবাদের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

মাঠে যেন দুই দলের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে বিবাদে না জড়ান, সে বিষয়ে ভারতীয় ক্রিকেটারদের পরামর্শ দিতে হরভজনকে অনুরোধ করেন ওই সমর্থক। তিনি হরভজনকে বলেন, ‘কেমন আছেন? ভারতীয় তরুণ খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়ায় না জড়ায়। এটা ক্রিকেট। আমার শুধু এই অনুরোধটুকুই।’

ভারতীয় সাবেক এই স্পিনারের খেলার সময় ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সুসম্পর্কের কথাও তুলে ধরেন ওই সমর্থক। তাঁর মতে, দুই দেশের প্রবীণ ক্রিকেটারদের মধ্যে যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, সেখানে নতুন প্রজন্মের খেলোয়াড়দের এমন বিবাদ ভালো বার্তা দিচ্ছে না।

তিনি আরও বলেন, ‘আপনারা পাকিস্তানে গেলে আমরা কি ভালোবাসা দিয়ে বরণ করি না? আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় একসঙ্গে থাকি, ভালোবাসা ভাগাভাগি করি। বড়দের মধ্যে একে অপরের প্রতি এত ভালোবাসা, অথচ ছোটরা ঝগড়া করছে। দয়া করে তাদের বলবেন, যেন এমনটা না করে।’

জবাবে বিষয়টি বেশ ভালোভাবেই সামলে দিয়েছেন হরভজন। তরুণ ক্রিকেটারদের সব সময়ই বিনয়ী ও সংযত থাকার পরামর্শ দেন বলে জানান ভারতের সাবেক এই স্পিনার। তিনি বলেন, ‘আমরাও তাদের বলেছি, যেন বিনয়ী থাকে এবং নিজেদের মাটির কাছাকাছি রাখে।’

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার শুরু গত বছরের পুরুষদের এশিয়া কাপ থেকে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় কয়েকজন পর্যটক নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

এরপর থেকে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো ধরনের সৌজন্য বিনিময় না করার অবস্থান বজায় রেখেছে ভারত। এমনকি এশিয়া কাপের ট্রফি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে নিতেও অস্বীকৃতি জানিয়েছিল তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত