
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ যাচ্ছেন দিল্লিতে। তাঁর এই সফরটি শুধু বাংলাদেশ-ভারতের টেকসই রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্র তৈরির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে ক্রীড়াঙ্গনও, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন গত অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গিয়েছিল, ক্রীড়াঙ্গনে সেটির সবচেয়ে বড় ভুক্তভোগী বিসিবি। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই সফর স্থগিত করে। গত বছরের জুলাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি সশরীরে আসেননি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায়। ফলে অনিশ্চয়তা দেখা দেয় ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে। অতঃপর বিসিসিআই প্রতিনিধি যোগ দেন ভার্চুয়ালি।
সবচেয়ে বড় সংকট দেখা দেয় গত জানুয়ারিতে। সূত্রপাত বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। এ ঘটনার পর দেশের মর্যাদা ও ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়টি সামনে এনে তৎকালীন অন্তর্বর্তী সরকার বিসিবিকে নির্দেশ দেয় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিতে। শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধে বিসিবি যে কূটনৈতিক চেষ্টা করেছিল, সেটা সফল হয়নি। পরে আর্থিকসহ কিছু সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলেও আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের একটা ব্যর্থতার দায় নিতে হচ্ছে—তাঁদের সময়েই বাংলাদেশ একটা বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি। যদিও সরকারের সিদ্ধান্তের বাইরে তাদের যাওয়ার সুযোগ ছিল না। তবু এটিই সমালোচনার বড় সুযোগ করে দিয়েছে বুলবুল-বিরোধীদের।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পর ভারতের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা তৈরি করেছে। সেটিরই অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর। পররাষ্ট্রমন্ত্রীর সফরটা বিসিবির কাছেও অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কটা আগের মতো বন্ধুত্বপূর্ণ করে তুলতে পররাষ্ট্রমন্ত্রীর সহায়তা নেওয়ার চেষ্টা করছে বিসিবি। তিনি যেন তাঁর সফরে খেলার বিষয়টিও তোলেন, এই অনুরোধ করতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল বিসিবি।
এ বছর সেপ্টেম্বরে ভারতীয় দলের আসার কথা বাংলাদেশ সফরে। আগামী বছর এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ভবিষ্যৎ সফরসূচি চিন্তা করেই এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়েছে বিসিবি। চিঠির বিষয়টি দুই বোর্ডই নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে যেমন বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, বিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে। শুধু সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে ভারতের পুরুষ দলের সাদা বলের সফর নয়, আগামী বছরে হতে যাওয়া পুরুষদের ৫০ ওভারের এশিয়া কাপ নিয়েও আলোচনা রয়েছে।’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুই দিন আগে চিঠির বিষয়টি নিয়ে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, তাঁরা বিসিসিআইয়ের চিঠির অপেক্ষায় আছেন। গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরটি তাঁদের আশাবাদী করে তুলছে। ফাহিম বলেন, ‘প্রতিটি দেশের সঙ্গেই আমাদের খুব ভালো সম্পর্ক থাকবে, খেলার ক্ষেত্রে তো অবশ্যই। আমাদের যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আছে, এর বাইরেও আমাদের লক্ষ্য দুই দেশের ক্রিকেটের মধ্যে আরও অনেক প্রোগ্রাম করা।’ বিসিসিআইকে বিসিবির পাঠানো চিঠি নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘উত্তর এখনো পাইনি। (দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক করতে) পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন কাজ করছে। আমরাও আমাদের দিক থেকে একই পথে যাচ্ছি।’
শুধু ক্রিকেট নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কোন্নয়নের দিকে তাকিয়ে। আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়ায় হবে নারী সাফ। এ বছর আগস্ট-সেপ্টেম্বরে ঢাকায় ছেলেদের সাফ আয়োজনের চেষ্টা করবে বাফুফে। প্রতিটি আয়োজনের সঙ্গে ভারতের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক জড়িয়ে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটা তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দেশের পুরো ক্রীড়াঙ্গনের কাছেই।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলে আজ ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় তারা। পরের পর্বে যেতে ভিয়েতনামকে হারাতেই হবে তাদের। বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও
২৪ মিনিট আগে
ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে জড়াতে চান সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় এমনটাই জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার। দেশের উন্নয়নে অবদান রাখতেই রাজনীতিতে জড়াতে চান তিনি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
১৩ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
১৪ ঘণ্টা আগে