Ajker Patrika

বিয়ে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করায় খেপেছেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
বিয়ে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করায় খেপেছেন পাকিস্তানি ক্রিকেটার
বিয়ে নিয়ে বাজে মন্তব্য করায় খেপেছেন ইমাম-উল-হক। ছবি: সংগৃহীত

বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।

মজা করে বললে, এই প্রজন্মের কাছে বিয়ে সত্যিই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা— সামাজিক যোগাযোগমাধ্যমে কদিন আগে এমন এক পোস্ট দিয়েছিলেন ইমাম। পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে। অনেকেই তখন ধারণা করেন, বাঁহাতি ব্যাটারের বৈবাহিক জীবনে ঝামেলা চলছে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে গত রাতে এক পোস্টে সবকিছু খোলাসা করেছেন তিনি। পাকিস্তানি বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আপনারা আমার সেই পোস্টটিকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। স্পষ্ট করে বলছি, আমার সাম্প্রতিক পোস্টটি সামাজিক মাধ্যমে আমরা যা দেখছি সে সম্পর্কে একটি সাধারণ পর্যবেক্ষণ ছিল। আমার নিজের বিয়ে নিয়ে না।’

ইমামের সাম্প্রতিক পোস্টে কেউ কেউ এটাও দাবি করেছেন যে স্ত্রীকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন তিনি (ইমাম)। পরবর্তীতে কোনো কিছু না জেনে বুঝে উল্টাপাল্টা মন্তব্য করতে নেটিজেনদের নিষেধ করেছেন তিনি। গত রাতে ইনস্টাগ্রামে পাকিস্তানি বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমার দিক থেকে সবকিছুই একদম ঠিক আছে। আলহামদুলিল্লাহ। পরের বার দয়া করে কোনো নিশ্চিত তথ্য ছাড়া অনুমান বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’

২০২৩ সালের নভেম্বর মাসে পাকিস্তানি অভিনেত্রী আনমোল মেহমুদকে বিয়ে করেন ইমাম। এই দম্পতির কোল আলো করে এ বছরের জানুয়ারিতে আসে কন্যা সন্তান। তাঁদের কন্যা সন্তানের নাম ইনারা হক।

২০১৭ সালের অক্টোবরে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে ইমামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সাড়ে আট বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২৬ টেস্ট, ৭৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৪২.২৬ গড়ে করেছেন ৪৮৬০ রান। আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১২ সেঞ্চুরি। গত বছরের এপ্রিলে পাকিস্তানের জার্সিতে সবশেষ খেলেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত