Ajker Patrika

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে রানার লম্বা লাফ, এগোলেন শান্ত-তামিমও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ জুন ২০২৬, ২০: ২১
অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে রানার লম্বা লাফ, এগোলেন শান্ত-তামিমও
১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে রানা নিয়েছেন ২৫ উইকেট। ছবি: বিসিবি

ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং যেন নাহিদ রানার কাছে কিছুই না। কখনো কখনো ১৫০ ছাড়িয়ে যান রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল নিজের প্রথম ম্যাচে কাঁপিয়ে দিয়েছেন রানা। দুর্দান্ত পারফরম্যান্সের পর লম্বা লাফ দিলেন বাংলাদেশের গতিতারকা।

মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চোখে চোখ রেখে কথা বলেছেন রানা। ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৪ উইকেট। গতির পাশাপাশি বাউন্সারেও সফরকারীদের পরাস্ত করেছেন তিনি। প্রথম ওয়ানডের পর আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন রানা। তাঁর রেটিং পয়েন্ট ৫৩৫।

রানার মতো র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমেরও। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৫৭৩। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ৩৩ নম্বরে তামিম। তিনি এগিয়েছেন সাত ধাপ। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে শান্ত ও তামিম ৬৭ ও ৫৪ রান করেছেন।

৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। দুই ও তিনে অবস্থান করা বিরাট কোহলি ও ইবরাহিম জাদরানের রেটিং পয়েন্ট ৭৯১ ও ৭৫৬। প্রথম সাত নম্বর পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এক ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।

৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। বোলারদের র‍্যাঙ্কিংয়ে কেবল শীর্ষস্থান ও আট নম্বর স্থান অপরিবর্তিত রয়েছে। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে মেহেদী হাসান মিরাজ। সেরা দশে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। চার ধাপ এগিয়ে তিনি ৯ নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬০৪। দুই ও তিনে থাকা আবরার আহমেদ ও জফরা আর্চারের রেটিং পয়েন্ট ৬৭৫ ও ৬৪৯। আবরার এগিয়েছেন দুই ধাপ। আর্চার এক ধাপ পিছিয়েছেন।

এদিকে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন জো রুট। দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৮৫১। ৮৬৯ ও ৮৫৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে হ্যারি ব্রুক ও ট্রাভিস হেড। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। লর্ডসে কদিন আগে শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ ও ৫৬ রান করেছেন রুট ও ব্রুক। সেই টেস্ট ইংল্যান্ড জেতে ১১৫ রানে।

পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন রানা। এই দুই সিরিজেই আটটি করে উইকেট পেয়েছেন তিনি। দুই দলের বিপক্ষেই তাঁর ফাইফারের কীর্তি রয়েছে।১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪.৯০ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট।

বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। আগামীকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ১৪ জুন হবে তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত