Ajker Patrika

ধোনি কখন না বলতে শিখেছেন

ক্রীড়া ডেস্ক    
ধোনি কখন না বলতে শিখেছেন
ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—তাঁর নেতৃত্বে ভারত তিনবার জেতে মেজর টুর্নামেন্টের শিরোপা। আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে শিরোপা জিতিয়েছেন পাঁচবার। বুঝতেই পারছেন, এখানে ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির কথা বলা হচ্ছে। তবে অন্তর্মুখী স্বভাবের এই কিংবদন্তি এবার জানালেন এমন এক ঘটনা, যা হয়তো অনেকেরই অজানা।

ক্রিকেটকে বিদায় বলার পর ধোনি একরকম ঝাড়া হাত-পা। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কদিন আগে অবসর নিয়ে ফেললেন আইপিএল থেকেও। যে ধোনিকে অনেকেই অন্তর্মুখী স্বভাবের ক্রিকেটার বলে চেনেন, তাঁর সম্প্রতি এক পডকাস্টে যাওয়ার ঘটনা দেখে নেটিজেনরা অনেকেই বিস্মিত হয়েছেন। সেই পডকাস্টে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কবে তিনি না বলতে শিখেছেন? প্রশ্নটা শুনেই হেসে দিলেন ভারতের সাবেক অধিনায়ক। উত্তরে তিনি বলেন,

‘২০০৪ সালে আমার অভিষেক হয়েছিল। আর আমি ছিলাম ছোট শহরের একটা ছেলের মতো। আমার মুখ থেকে না বেরোত না। তখন সিনিয়র ক্রিকেটারদের একজন...এটা সম্ভবত ২০০৬-এর কাছাকাছি সময়ের কথা। আমার কাছে এসে তিনি বললেন, ‘জানো, একটা সময়ের পর তোমাকে না বলা শুরু করতে হবে। কারণ, সবাই তোমাকে চাইবে। এটা খারাপ অর্থে নয়। কিন্তু আসল সমস্যা হলো, তুমি একজন একক মানুষ। এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের হয়ে ক্রিকেট খেলা এবং ভালো করা। এই সবকিছু আশপাশে ঘুরতে থাকবে। কিন্তু এগুলো আছে ক্রিকেটের কারণেই।’

ঝাড়খণ্ডের রাঁচি থেকে উঠে আসা ধোনিকে ক্রিকেটার হতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পশ্চিমবঙ্গের খড়গপুর রেলওয়ে স্টেশনে ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) হিসেবে কাজ করেছিলেন তিনি। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। তখন অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। এক পর্যায়ে ধোনি পেয়ে গিয়েছিলেন নেতৃত্ব। অধিনায়কের গুরুদায়িত্ব যে পারফর্মার ধোনির ওপর প্রভাব পড়েনি, সেটা পরিসংখ্যানেই স্পষ্ট। সর্বকালের সেরা ফিনিশার কে—একটা সময় সে আলোচনাও হয়েছিল।

ম্যাচে যেকোনো কঠিন পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামলাতে পারতেন বলে ধোনি ‘ক্যাপ্টেন কুল’ উপাধিও পেয়েছিলেন। সম্প্রতি এক পডকাস্টে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘‘তিনি বলেছিলেন, ‘যখনই মনে হবে যে এতে তোমার ক্রিকেটে প্রভাব পড়ছে, এতে যদি তোমার মানসিক প্রশান্তিতে প্রভাব পড়ে, অনুশীলনের ক্ষেত্রে প্রভাব পড়ে, প্রস্তুতিতে প্রভাব পড়ে—তাহলে না বলতে শেখো। কারণ, দীর্ঘমেয়াদে সেটাই তোমার জন্য ভালো হবে।’ তাই ওই পর্যায়ের পর আমি ধীরে ধীরে না বলতে শুরু করি। কেবল বাস্তবতাগুলোই ছিল যে যদি এটা ব্যাঘাত ঘটায়, তাহলে আমার করার ইচ্ছা নেই।’

ক্রিকেটে ক্যারিয়ার স্বার্থে ধোনি যে ক্রিকেটারের কাছ থেকে পরামর্শ পেয়েছিলেন, তখন থেকেই তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করতেন তিনি। ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমি জানি, আজ আপনি আমার পাশে আছেন। কালও আমার পাশে থাকবেন কি না,জানি না। কিন্তু ক্রিকেট যদি আমার পাশে থাকে, তবে আপনি আমার পাশে থাকবেন। কারণ, আপনি আমার ভেতরের ক্রিকেটারকে ভালোবাসো। আর আপনার জন্য সুবিচার করতে হলে আমাকে নিশ্চিত করতে হবে যে আমি সবকিছু ঠিকঠাক করছি, যেখানে মাঠে পারফর্ম করতে পারব।’

২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি খেলেছিলেন ধোনি। ৫৩৮ ম্যাচে করেছেন ১৭২৬৬ রান। ১৬ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১০৮ ফিফটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত