Ajker Patrika

মুশফিকের শুরুতেও ইংল্যান্ড, শেষেও ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২১: ২০
মুশফিকের শুরুতেও ইংল্যান্ড, শেষেও ইংল্যান্ড
২০২৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামবেন মুশফিকুর রহিম। ছবি: ক্রিকইনফো

২০০৫ সালের মে মাস। লর্ডসে ১৮ বছর বয়সী বেবি ফেসের মুশফিকুর রহিম টেস্ট অভিষেকের টুপিটা নিয়েছিলেন তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে। যে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, এবার তাদের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন।

২০২২ সালে টি-টোয়েন্টি ও ২০২৫ সালে ওয়ানডে থেকে মুশফিক বিদায় নিয়েছিলেন ফেসবুকে পোস্ট দিয়ে। এবার তাঁর টেস্ট থেকে অবসরের ঘোষণাটা এল ভিন্নভাবে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে তামিম ইকবাল জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক। ৮০০০ কিলোমিটার দূরে যে লর্ডসে মুশফিকের ক্যারিয়ার শুরু হয়েছিল, ঘরের মাঠে আগামী বছর বাংলাদেশের জার্সিতে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন তিনি।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ ২৫৪২ রান মুশফিক করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। আর কোনো দলের বিপক্ষে ২০০০ রানও করতে পারেননি। তবে জিম্বাবুয়েসহ নূন্যতম সাত দলের বিপক্ষে ১০০০ রানের কীর্তি রয়েছে তাঁর। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ২৪ ম্যাচে ১০২৪ রান করেছেন। কোনো সেঞ্চুরি নেই। তবে ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ৭৭ বলে ৮৯ রানের ইনিংস অনেক কার্যকরী ভূমিকা রেখেছিল।

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরি মুশফিকের। দেশের আর কোনো ক্রিকেটারের একাধিক ডাবল সেঞ্চুরি নেই। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রান (৭০৬২) করেছেন। টেস্টে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরির কীর্তিও তাঁর। যদিও কদিন আগে টেস্টে মুশফিকের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে যায়। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন। হৃদয় সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রান করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।

২০০৫ সালে লর্ডসে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল মুশফিকুর রহিমের। ছবি: ক্রিকইনফো
২০০৫ সালে লর্ডসে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল মুশফিকুর রহিমের। ছবি: ক্রিকইনফো

শুধু টেস্টই নয়, বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানসংগ্রাহকও মুশফিক। এখন পর্যন্ত ২১ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৪৮৪ ম্যাচে ৫৪৮ ইনিংসে ব্যাটিং করেছেন। ২৩ সেঞ্চুরি ও ৮৫ ফিফটিতে করেছেন ১৬৩৫৭ রান। এই তালিকায় দুইয়ে থাকা তামিমের রান ১৫১৯২ রান। বাংলাদেশের এই দুই ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করতে পেরেছেন।

২১ বছরের ক্যারিয়ারে মুশফিক এখন পর্যন্ত ১১ অধিনায়কের অধীনে খেলেছেন। সুমন, তামিম, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ পাইলট, মাহমুদউল্লাহ রিয়াদ—তাঁরা মুশফিকের খেলোয়াড়ি জীবনের অধিনায়ক। এমনকি মুশফিক নিজেও অধিনায়ক ছিলেন। তবে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর তাঁর টেস্ট থেকে অধিনায়কত্ব চলে যায়।

যে সুমনের কাছ থেকে ২০০৫ সালে টেস্টের ব্যাগি গ্রিন টুপি নিয়েছিলেন মুশফিক, কালের পরিক্রমায় এখন তিনি (সুমন) বিসিবির প্রধান নির্বাচক। ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সুমনের কাছ থেকে নিয়েছিলেন শততম টেস্টের টুপিও। সে সময় বিসিবি মুশফিকের ১০০তম টেস্টের আগে জাঁকজমকপূর্ণ আযোজন করেছিল। মুশফিকের পরিবারের সদস্যরা এসেছিলেন। যদিও সুমন সে সময় বিসিবির প্রধান নির্বাচক হননি। সে সময় বোর্ড প্রধান ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

ব্যতিক্রম কিছু না ঘটলে মুশফিকের বিদায় শান্তর অধিনায়কত্বেই হচ্ছে। বর্তমানে শান্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। আর যেহেতু বর্তমান বিসিবি সভাপতি তামিমের ঘনিষ্ঠ বন্ধু মুশফিক, সেকারণেই তারকা খেলোয়াড়ের বিদায়ী ম্যাচ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলছে। আজ সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন মুশফিক। তাঁর বিদায়ী ম্যাচের পর আরও একটি টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিলেটে হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত