Ajker Patrika

যে ভালোবাসার শেষের শুরু ১৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যে ভালোবাসার শেষের শুরু ১৪ ফেব্রুয়ারি
টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিলেন মুশফিক। ছবি: বিসিবি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বিসিবি সভাপতি তামিম ইকবাল যখন ঢুকলেন, তখনো কেউ আঁচ করতে পারেননি কী অপেক্ষা করছে। শুরুতেই তামিম জানিয়ে দিলেন, এটিই হতে যাচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং। বোর্ড সভা নিয়েই হয়তো কোনো কথা বলবেন। কিন্তু এর পরই যে কথাটি বললেন, তা মুহূর্তেই ভারী করে তুলল মিরপুরের বাতাস।

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে যখন তাঁর টেস্ট অভিষেক হয়েছিল, বাংলাদেশের টেস্ট ক্রিকেট তখনো হাঁটি হাঁটি পা পা করছে। পাঁচ দিনের ম্যাচে টিকে থাকাই তখন বড় চ্যালেঞ্জ। বগুড়ার সেই কিশোর বয়সী মুশফিকুর রহিম আজ বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম অভিজ্ঞ ও সফল ব্যাটার। দুই দশকেরও বেশি সময়ের দীর্ঘ পথচলা শেষে এক অদ্ভুত বৃত্তপূরণের সামনে দাঁড়িয়ে তিনি। সেই ইংল্যান্ডের বিপক্ষেই ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

পরিসংখ্যানের পাতায় মুশফিকের অর্জনগুলো বাংলাদেশের ক্রিকেটেরই একেকটি মাইলফলক। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিটি এসেছিল তাঁর ব্যাট থেকেই। টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একাধিক ডাবল সেঞ্চুরি করার কীর্তিও কেবল তাঁরই। টপ অর্ডারের দ্রুত পতনের দিনে মিডল অর্ডারে নেমে ইনিংস মেরামত করে গেছেন বছরের পর বছর।

ব্যাটার মুশফিকের পাশাপাশি অধিনায়ক মুশফিকের অধ্যায়ও বাংলাদেশের টেস্ট ইতিহাসে গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে টেস্টে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। ২০১৭ সালে কলম্বোতে দেশের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়টিও এসেছিল তাঁর অধিনায়কত্বে।

শারীরিক গড়নে কখনোই খুব শক্তিশালী ছিলেন না, কিন্তু শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিক। বাংলাদেশের ক্রিকেটে ফিটনেস ও খাদ্যাভ্যাসে পেশাদারত্ব আনার ক্ষেত্রে তাঁকে উদাহরণ হিসেবে দেখা হয়। ক্যারিয়ারের বড় একটি সময় উইকেটকিপিং ও ব্যাটিংয়ের দ্বৈত দায়িত্ব সামলেছেন। পরে বয়স ও কাজের চাপ বিবেচনায় গ্লাভস জোড়া তুলে রেখে মনোযোগ দিয়েছেন শুধু ব্যাটিংয়ে—দলের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়ার এই সিদ্ধান্ত তাঁর টেস্ট ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করেছে।

অবশ্য দুই দশকের এই যাত্রা সব সময় মসৃণ ছিল না। ফর্মহীনতা, শট নির্বাচন নিয়ে প্রশ্ন কিংবা অধিনায়কত্বের চাপ—নানা সময়েই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। অবসরের সিদ্ধান্তের পেছনে বয়স ও সময়ের বাস্তবতাও নিশ্চয়ই বিবেচনায় এসেছে।

২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছিলেন মুশফিক। এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেকেও বিদায় জানান। তখন থেকেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের ঠিকানা হয়ে ওঠে শুধু টেস্ট। এই সংস্করণেও অবশ্য নিজেকে শেষ করে দেওয়ার তাড়াহুড়া ছিল না। চলতি বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে জানিয়েছিলেন, অবসরের নির্দিষ্ট কোনো সময় ঠিক করেননি। যত দিন সম্ভব মাঠে থাকতে চান, তবে ভালো সময়েই বিদায় নিতে চান।

সেই বিদায়ের সিদ্ধান্ত এখন চূড়ান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট আপাতত তাঁর সর্বশেষ আন্তর্জাতিক উপস্থিতি। কুঁচকির চোটে সেঞ্চুরিয়নের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। ফলে বিদেশের মাটিতে হঠাৎ করেই থেমে যায় তাঁর সর্বশেষ টেস্ট সফর। তবে ক্যারিয়ারের শেষটা দেশের দর্শকদের সামনে করার সুযোগ পাচ্ছেন তিনি।

মুশফিকের বিদায়ের হিসাবটা কেবল রান কিংবা সেঞ্চুরিতে আটকে রাখার সুযোগ নেই। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বেড়ে ওঠার পুরো সময়টাতেই ছিলেন তিনি। লর্ডসের কিশোর থেকে মিরপুরে শততম টেস্টের সেঞ্চুরিয়ান—এই পথচলায় দেখেছেন দলের কঠিন সময়, জয়ের স্বাদ, আবার হারের হতাশাও। অনেক সতীর্থ এসেছেন, অনেকে বিদায় নিয়েছেন; কিন্তু সাদা পোশাকে নিজের জায়গাটা ধরে রেখেছেন মুশফিক।

১০৮ টেস্টে ৭ হাজার ৬২ রান, ১৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটি নিয়ে শেষের অপেক্ষায় তাঁর টেস্ট ক্যারিয়ার। সর্বোচ্চ ইনিংস ২১৯ রানের। সংখ্যাগুলো বাংলাদেশের টেস্ট ইতিহাসে তাঁকে কোথায় রাখবে, তা সময়ই বলবে।

ভালোবাসারও তো একধরনের বিদায় আছে, যেখানে সম্পর্ক শেষ হয় না, শুধু একসঙ্গে পথচলার ধরন বদলে যায়। মুশফিকের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কের শেষের শুরুটা হবে সেই ভালোবাসার দিনেই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত