Ajker Patrika

বাংলাদেশের ‘আতঙ্ক’ যখন ভারত-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের ‘আতঙ্ক’ যখন ভারত-পাকিস্তান
পাকিস্তানের কাছে হেরে রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় ঘটেছে বাংলাদেশের। ছবি: ক্রিকইনফো

জাতীয় দলের খেলা বলুন কিংবা বয়সভিত্তিক ক্রিকেট-ফুটবল, সবখানে বাংলাদেশের মানসিকতায় ছিল একটা ভারত-জুজু। সেই ভারত-জুজু আর নেই, তা বলার সময় আসেনি। এখন ভারত-জুজুর সঙ্গে যোগ হয়েছে পাকিস্তান-জুজু!

দোহায় গতকাল রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ। এর আগে এশিয়ান গেমস ক্রিকেটে সেমিফাইনালে এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালেও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। শুধু কি ক্রিকেটে; ঢাকায় হওয়া গত সাফ ফুটবলেও ‘ফেবারিট’ বাংলাদেশকে হারিয়েছে তারা। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কিংবা ঘরের মাঠে ভরা গ্যালারির সমর্থন—সাফের সেমিফাইনালে কোনো কিছুই কাজে আসেনি বাংলাদেশের। সেমিফাইনালে হেরে বিদায় নেয় বাংলাদেশ এবং জিতে ফাইনালে ওঠে পাকিস্তান।

টুর্নামেন্ট: এশিয়ান গেমস; ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী; ভেন্যু: নিশিন; তারিখ: ১ অক্টোবর

বৃষ্টির বাগড়ায় ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। এশিয়ান গেমসের সেমিফাইনালে টস হেরে বাংলাদেশ আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১১১ রান করেছে। একটা পর্যায়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়। শেষ চার ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৬ রান। কিন্তু ডেথ ওভারে মোস্তাফিজুর রহমানের বেহিসেবি বোলিংয়ে সবকিছু ওলটপালট হয়ে যায়। দশম ওভারে মোস্তাফিজ ২৩ রান দিয়ে পাকিস্তানের জন্য ম্যাচটা সহজ হয়ে যায়। ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায় পাকিস্তান।

টুর্নামেন্ট: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ; ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী; ভেন্যু: আল আমেরাত; তারিখ: ১২ নভেম্বর

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—আল আমেরাত গ্রাউন্ডে বাংলাদেশের ইনিংস দেখে এই গানটা যে কারও মনে হতেই পারে। পুরো ৫০ ওভার ব্যাটিং করা তো দূরে থাক, স্কোরবোর্ডে পর্যাপ্ত রানও তুলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩১.৪ ওভারে গুটিয়ে যায় ১৩৮ রানে। ওপেনার আব্দুল্লাহ আল মুহি করেছেন ৫০ রান। তিনিসহ তিন ক্রিকেটার দুই অঙ্ক পেরোতে সক্ষম হয়েছে। পাকিস্তান সেই লক্ষ্য তাড়া করেছে হেসেখেলে। ১৬৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় পাকিস্তান।

পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে যায় পাকিস্তানের। ছবি: আজকের পত্রিকা
পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে যায় পাকিস্তানের। ছবি: আজকের পত্রিকা

টুর্নামেন্ট: সাফ; ফল: পাকিস্তান ১-০ গোলে জয়ী; ভেন্যু: জাতীয় স্টেডিয়াম; তারিখ: ১৪ নভেম্বর

সাফের সেমিফাইনালের সেই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে ছিল আট প্রবাসী। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, শমিত সোমদের নিয়ে গড়া দল নিয়ে ভক্ত-সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি। অনেকের চোখে ছিল ২৩ বছর পর সাফে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। ৮৫ মিনিট পর্যন্ত বাংলাদেশের গোলপোস্ট আগলে রাখেন মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু শেষ মুহূর্তে এসে তাঁর ভুলে সবকিছু শেষ হয়ে যায়। আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে আলী খানের ডান পায়ের শট ফিরিয়ে দেন শ্রাবণ। কিন্তু শ্রাবণই ভুল করে বসেন থ্রো করে তিনি বল দেন খাট্টাকের কাছে। সেই খাট্টাক দারুণ এক পাস দেন সামাদের কাছে। বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আবদুল সামাদ। হারের পর হামজা-শমিতদের চোখ থেকে অঝোরে ঝরতে থাকে পানি। এমনকি দর্শকেরা জাতীয় স্টেডিয়ামেও আগুন লাগিয়ে দেন।

টুর্নামেন্ট: রাইজিং স্টার্স এশিয়া কাপ; ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী; ভেন্যু: দোহা; তারিখ: ২৭ নভেম্বর

বরাবরের মতো এখানেও দেখা যায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। ধ্বংসস্তূপের মাঝে বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়ান শাহাদাত হোসেন দীপু। তাঁর ১১৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল করে ৮ উইকেটে ২৩২ রান। রিপন মন্ডল এক ওভারে পাকিস্তান ‘এ’ দল মাজ সাদাকাত (৬) ও শামাইল হুসেনকে (১৪) ফিরিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশ ‘এ’ দলকে। কিন্তু ক্যাচ মিসের খেসারত দিয়ে হারতে হয় বাংলাদেশকে। ২৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান ‘এ’ দল উঠে যায় ফাইনালে। আগামীকালে ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত