Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারির পর্দা ফাঁস

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩: ১৪
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারির পর্দা ফাঁস
পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালে বল টেম্পারিংয়ের পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। ছবি: ক্রিকইনফো

উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর টালমাটাল হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট। কাহিনি সেই ২০১৮ সালের ‘স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি’। এবার জানা গেল অজিদের আরও এক বল টেম্পারিং কেলেঙ্কারি। পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য সেই কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেই।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে বল টেম্পারিং করা হয়েছিল শিরীষ কাগজ দিয়ে। সেই ঘটনায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন। পরবর্তীতে টিম পেইন পান টেস্টের অধিনায়কত্ব। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসইএনের সাংবাদিক জেরার্ড হুইটলির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার। মুখের দুর্গন্ধ দূর করার সুগন্ধি ট্যাবলেট ব্যবহারের বিষয়ে আলোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার। তবে প্রতিবেদন থেকে জানা গেছে, অধিনায়ক পেইন ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার হস্তক্ষেপ করেছিলেন বলে তা হয়নি।

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে আট বছর আগের সেই টেস্টে পাকিস্তান আগে ব্যাটিং করে ৪৮২ রান করে। অস্ট্রেলিয়ার বোলাররা যে পিচ থেকে কোনো ধরনের সুইং বা মুভমেন্ট আদায় করতে ব্যর্থ হয়েছিলেন, সেটা পাকিস্তানের পাহাড়সমান রান দেখে বোঝা গেছে। একারণেই বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলে এসইএনের প্রতিবেদন থেকে জানা গেছে।

অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার বলের অবস্থা পরিবর্তন করতে মিন্টস ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছিলেন বলে এসইএন দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ক্রিকেটার প্রশ্ন করেছিলেন, ‘মিন্টস কার কাছে আছে? আজ বলের দায়িত্ব কে নিচ্ছে?’ তবে দলের আরেক সদস্য এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম থেকে জানা গেছে। এসইএনের প্রতিবেদন থেকে জানা যায়, বিষয়টি জানতে পেরে ক্রিকেটারদের মুখোমুখি হয়েছিলেন ল্যাঙ্গার। তাঁদের কথিত পরিকল্পনায় নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন।

কেপটাউনে স্যান্ডপেপার কেলেঙ্কারির সেই ম্যাচে স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার একাদশে ছিলেন শন মার্শ, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, খাজা, পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড। সে সময়ের আরেকটি ঘটনাও এসইএনের প্রতিবেদনে উঠে এসেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম থেকে জানা গেছে, পুরো ঘটনায় নিজের ভূমিকা নিয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন মিচেল মার্শ। ব্যানক্রফট শুরুতে ঘটনার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিতে চেয়েছিলেন। তবে স্মিথ ইঙ্গিত দিয়েছিলেন, তিনি এই ঘটনার দায় ভাগ করে নিতে চান।

এসইএনের প্রতিবেদন অনুযায়ী, শিরীষ কাগজ দিয়ে বল টেম্পারিং করতে গিয়ে হোটেলে ওয়ার্নারের সঙ্গে একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন মার্শ। একটি সূত্র ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘ঘটনাটি পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল। ডেভির (ডেভিড ওয়ার্নার) ওপর চড়াও হয়েছিলেন মিচেল মার্শ।’

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, মিচেল মার্শ স্পষ্ট করে দিয়েছিলেন যে ব্যানক্রফটকে কোনোভাবেই পুরো কেলেঙ্কারির দায় একা নিতে দেওয়া হবে না। ওয়ার্নারকে উদ্দেশ করে মার্শকে বলতে শোনা যায় বলে দাবি করা হয়েছে, ‘বন্ধু, তুমি এবার দায় এড়িয়ে যেতে পারবে না। আমরা বাঙ্গার্সকে (ব্যানক্রফট) তোমার হয়ে সব দায় নিতে দেব না।’

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে দুই তারকা স্মিথ, ওয়ার্নার ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। ব্যানক্রফটকে ৯ মাস নিষিদ্ধ করা হয়েছিল। সেই দলের ওয়ার্নার, খাজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আট বছরের পুরোনো ঘটনা ফাঁস করায় বিব্রতকর অবস্থায় পড়েন কামিন্স। তাঁর অধিনায়কত্ব চলে যায় যায় অবস্থা। শেষ পর্যন্ত কামিন্সকেই অধিনায়ক হিসেবে বহাল রেখেছে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত