স্কুল পালিয়ে খেলা দেখে ভাইরাল নিউজিল্যান্ডের তিন শিশু

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে গতকাল ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলার সময় হঠাৎ ক্যামেরা ঘুরে গেল স্টেডিয়ামের গ্যালারির দিকে। তখন দেখা গেল, তিন ছেলে গ্যালারিতে বসে খেলা দেখছে এবং হাসছে। শেষ দিনে দর্শকদের জন্য যখন বিনা টিকিটে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, এই সুযোগ আর কে-ই বা ছাড়বেন!
স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় তিন শিশু খেলা দেখার পাশাপাশি নিজেদের লাঞ্চও সেরে নিচ্ছিল। তবে আনন্দ করতে থাকা শিশুদের কিছু সময়ের জন্য অপ্রস্তুত করে দেন ক্যামেরাম্যানরা। যখন তারা বুঝতে পারল ক্যামরা তাদের দিকে তাক করা, তখন মুখ লুকানোর আপ্রাণ চেষ্টা করেছে তারা।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) মাঠের কোণে বসে তিন শিশুর খেলা দেখার মুহূর্তটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। ভিডিওর থাম্বনেলে দেওয়া, ‘হাতে নাতে ধরা।’ মজা করেই যে এমনটা লেখা, সেটা কারও বুঝতে বাকি নেই। ক্যাপশনে লিখেছে, ‘বেসিন রিজার্ভে বিনা মূল্যে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আশা করি, মায়েরা এসব দেখছেন না।’
ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্কুল পালিয়ে খেলা দেখতে আসা এই তিন শিশুর নাম ফেডি, বিলি, ফেলিক্স। তাদের একজন তো বলেই বসল, ‘আমার বাবা ভিডিওটা পাঠিয়েছে। তিনি আমার জন্য গর্বিত।’ তিন শুরু যেভাবে খেলা উপভোগ করেছে, বিশেষ করে ক্যামেরা দেখে তাদের মুখ লুকানোর মুহূর্তটা দেখে নেটিজেনরা নিশ্চয়ই মজা পেয়েছেন।
সনি লিভ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও তিন শিশুর খেলা দেখার ভিডিওটি শেয়ার করেছে। ক্যাপশনে লিখেছে, ‘প্রিয় অভিভাবক, আপনাদের সন্তানেরা কোথায় আছে, তা আমরা খুঁজে পেয়েছি।’ সম্প্রচারকারী প্রতিষ্ঠানের মজার এই মন্তব্য ঘটনাটিতে যোগ করে নতুন মাত্রা। এর মাধ্যমে যেন ইঙ্গিত দেওয়া হয়েছে, সন্তানরা ক্লাসে না গিয়ে কোথায় সময় কাটাচ্ছে, তা এবার তাদের অভিভাবকেরাও জেনে যাবেন। কয়েকজন দর্শকের মতে, ঘটনাটি সরাসরি মাঠে বসে খেলা দেখার রোমাঞ্চ ও আনন্দের এক দারুণ উদাহরণ হয়ে থাকবে।
ভারত-নিউজিল্যান্ড ওয়েলিংটনে প্রথম টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে। পাঁচ দিন শেষে ম্যাচে রান হয়েছে ১৩২৭। পড়েছে ২৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন হেনরি নিকোলস। প্রথম ইনিংসে ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে করেন ৩১ রান। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ক্রাইস্টচার্চে শুরু হবে ২৭ নভেম্বর। ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় দুই দলের জন্যই ক্রাইস্টচার্চ টেস্ট সিরিজ নির্ধারণী।










