Ajker Patrika

কেন বাংলাদেশের এমন পরিণতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২: ০২
কেন বাংলাদেশের এমন পরিণতি
দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯১ রানেই শেষ বাংলাদেশ। ছবি: এএফপি

তাসের ঘরের মতো ভেঙে পড়া বলতে যা বোঝায়, বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে গতকাল ঠিক তা-ই হলো। মাত্র ২০১ বলেই শেষ ইনিংস। দক্ষিণ আফ্রিকার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রীতিমতো আত্মাহুতি দিলেন তানজিদ হাসান তামিম-লিটন দাস-তাওহীদ হৃদয়রা। দলের এমন বাজে অবস্থায় হতাশ বাংলাদেশের সহকারী কোচ মালিবোঙ্গে মাকেতা।

সেঞ্চুরিয়নের বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায় গতকাল সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশ সময় গতকাল বেলা ২টার পরিবর্তে বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হয়েছে। এমন আবহাওয়ায় টস জিতে যেকোনো দলই ফিল্ডিং করতে চাইবে। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসনদের বোলিংয়ে ৯১ রানেই শেষ বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের যেখানে টিকে থাকার লড়াই, সেখানে শুরুতেই খেল হোঁচট।

প্রথম দিনের খেলা শেষে গতকাল যখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাকেতা সংবাদ সম্মেলনে এলেন, শিষ্যদের বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি রীতিমতো বাকরুদ্ধ। বাংলাদেশের সহকারী কোচ বলেন, ‘আসলে আমাদের জন্য দিনটা অনেক হতাশাজনক। স্কোরকার্ড দেখেই বোঝা যাচ্ছে। এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না। টেকনিক্যাল ব্যাপারটা সবার মধ্যেই থাকে। সবাইকে আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে।’

জোহানেসবার্গে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। যেখানে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর লিটন-হৃদয় ষষ্ঠ উইকেটে ২০৬ রানের জুটি গড়েছিলেন। হৃদয় করেছিলেন ১৩৭ রান। লিটনের ব্যাট থেকে এসেছিল ১২০ রান। যদিও দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়ে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছিল বাংলাদেশের।

গতকাল সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের খেলা শেষে মাকেতা উল্লেখ করেছেন জোহানেসবার্গে তাঁর শিষ্যদের পারফরম্যান্সের কথা।সাংবাদিকদের বাংলাদেশের সহকারী কোচ বলেন, ‘প্রথম টেস্টে আমরা দারুণ প্রস্তুতি নিয়ে এসেছিলাম। সবাই দারুণ খেলেছিল। আত্মনিবেদন দেখে ভালো লেগেছিল। সেখান থেকে এগোতে চেয়েছিলাম। এমন কিছু (৯১ রানে অলআউট) অবশ্যই চাইনি।’

প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে বাংলাদেশ এমনিতেই পিছিয়ে ১-০ ব্যবধানে। সেঞ্চুরিয়নে গতকাল শুরু হওয়া দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শান্তদের জয়ের কোনো বিকল্প নেই। সেখানে শুরুতেই এমন ভয়াবহ ধস। ৯১ রানের মধ্যে সর্বোচ্চ ২৩ রান এসেছে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে। আগের টেস্টে সেঞ্চুরি করা হৃদয় এবার করেছেন ১৯ রান। মুমিনুল হক করেছেন ১৮ রান। চতুর্থ সর্বোচ্চ ১১ রান ‘মিস্টার এক্সট্রার’। আর কোনো ক্রিকেটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

শুধু তা-ই নয়, আউটের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। লিটন একবার বেঁচে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৮ রান। আর হৃদয় ডাউন দ্য উইকেটে সাইমন হারমারকে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন। ব্যাটের কানায় লেগে সেই বল চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা এইডেন মার্করামের হাতে। তাছাড়া দলীয় ৫ রানে দক্ষিণ আফ্রিকা হারাতে পারত প্রথম উইকেট। তৃতীয় ওভারের চতুর্থ বলে মার্কোস অ্যাকারমানের বিপক্ষে তাসকিন চিৎকার করে আবেদন করতে থাকেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। ১ রানে বেঁচে যাওয়া অ্যাকারমান দিন শেষে ৪৬ রানে অপরাজিত।

ব্যাটিংয়ের পাশাপাশি গতকাল ফিল্ডিংয়েও শিষ্যরা অনেক ভুল করেছেন বলে মনে করেন মাকেতা। সেঞ্চুরিয়নে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সহকারী কোচ বলেন, ‘কিছু সফট ডিসমিসাল ছিল। ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক। এসবেরই খেসারত দিতে হয়েছে। এমন উইকেটে আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে।’

দক্ষিণ আফ্রিকা এখন কেবল ৩ রানে পিছিয়ে। ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে প্রোটিয়ারা। অ্যাকারমান ফিফটি থেকে ৪ রানে দূরে। আর ২ রানে বেঁচে যাওয়া জুবায়ের হামজা ৯ রানে অপরাজিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত