
টেস্টে বাংলাদেশ সম্প্রতি দুর্দান্ত খেলছে। গত বছরের নভেম্বর থেকে হিসেব করলে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে জিতেছে পাঁচটিতে। আবুধাবিতে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া বাংলাদেশ যেন অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পায়।
দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে সেরা র্যাঙ্কিং ছয়ে অবস্থান করছে। আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে ঐতিহাসিক জয়। তবে গত এক বছরে সাত টেস্টের মধ্যে যে দুই টেস্ট বাংলাদেশ হেরেছে, দুটিই বিদেশের মাঠে। দুটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংসে। হারারেতে জুনে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট শেষ হয়েছে আড়াই দিনে। ম্যাকাইতে গত মাসে দেড় দিনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের ফল এসেছে।
শান্ত গতকাল যখন আফগানিস্তান টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসেছেন, তখন বাংলাদেশের বেশি টেস্টের পক্ষে আর্জি জানিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা সবাই টেস্ট খেলতে চাই। ক্রিকেটারদের জিজ্ঞেস করলেও এই উত্তরই পাবেন। সবাই টেস্ট খেলতে চেয়েছে। টেস্ট সবার জন্য অনেক বিশেষ কিছু। যদি বেশি বেশি সব প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারি, ব্যাপারটা ভালো হবে। সীমিত ওভারের চেয়ে টেস্ট খেলতেই আমি বেশি পছন্দ করি।’
চার-ছক্কার বন্যার ধুন্ধুমার ক্রিকেটে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্রিকেটাররাও কম সময়ে বেশি অর্থ উপার্জন করতে এসব লিগের দিকে ঝুঁকছেন। তবে ক্রিকেটারদের আসল পরীক্ষাটা হয় টেস্ট খেলেই। শান্তর মতে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেললে সব সংস্করণেই খেলার মতো দক্ষ হয়ে ওঠেন ক্রিকেটাররা। আবুধাবিতে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তরুণ ক্রিকেটাররাও টেস্ট খেলতে চায়। বিশ্ব ক্রিকেট যেভাবে এগোচ্ছে, সীমিত ওভারের ক্রিকেটেই অনেকের আগ্রহ বেশি। তরুণ ক্রিকেটাররা তিন সংস্করণই খেলতে চায়।যদিও টি-টোয়েন্টি বেশি চায়। এটা আলাদা ব্যাপার। তবে টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে সবারই আগ্রহ বেশি। বর্তমানে সব সংস্করণ খেলার মতো স্কিল থাকতে হবে।’
আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর ক্রিকেট বিশ্বে প্রশংসাও কুড়িয়েছে বাংলাদেশ। মুমিনুল চার মারার পর নাজমুল হোসেন শান্তর হুংকার, প্রবাসীদের সঙ্গে মেহেদী হাসান মিরাজের সেলফি—সামাজিক মাধ্যমে তখন ছড়িয়ে পড়েছিল এসব ছবি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ সমতায় সিরিজ ড্র করার ঘটনা শান্তর কাছে এটা শুধুই অতীত। গতকাল অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গ এলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপনি যেটা উল্লেখ করেছেন, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটা সিরিজ খেলেছি। কিন্তু সেটা অতীত। নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ, আমাদের পরিকল্পনা সবই ভিন্ন।’
দুবাইয়ে কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে একমাত্র ফিফটি (৫৭) করেন সৌম্য সরকার। বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৪ রানে। আফগান টেস্টের রিজার্ভ দলে থাকা ইকবাল হোসেন ইমন নিয়েছেন ৪ উইকেট। অথচ যে আমিরাতের টেস্ট মর্যাদা নেই, তাদেরও দুই ব্যাটার ফিফটি করেছেন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ তাঁর সতীর্থদের অনেক বেশি সহায়তা করেছে বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কয়েক জন ক্রিকেটার আগে এসে প্রস্তুতি ম্যাচ খেলেছে যাতে তারা কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে পারে। ক্রিকেটাররাও আফগানিস্তানের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে আছে।’
অসুস্থতার কারণে এশিয়ান গেমস শুরুর আগেই শেষ হয়ে গিয়েছিল শান্তর। তড়িঘড়ি জাপান থেকে চলে আসতে হয়েছিল তাঁকে। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দলেও যোগ দেন অনেক গরমে। স্বস্তির খবর, আগের চেয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। আবুধাবিতে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কন্ডিশন একটু গরম। এটা থাকবেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এগুলো কোনোভাবেই অজুহাত হওয়া উচিত নয়। আমি সুস্থ হয়ে উঠছি। আলহামদুলিল্লাহ এখন সুস্থ। দুই দিন অনুশীলন করে এখন ভালো লাগছে।’
বোলাররা ধারাবাহিক হলেও মাঝেমধ্যেই বাংলাদেশের ইনিংসে ধস নামে। তবে ব্যাটিং ব্যর্থতাকে পেছনে ফেলে যদি বাংলাদেশ-আফগানিস্তান সবশেষ টেস্টের দিকে তাকালে শান্ত খুঁজতে পারেন অনুপ্রেরণা। মিরপুরে ২০২৩ সালের জুনে আফগানদের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন শান্ত। বাংলাদেশের ৫৪৬ রানের জয়ের সেই ম্যাচে তিনি হয়েছিলেন ম্যাচসেরা। তাছাড়া শান্তর ৯ সেঞ্চুরির চারটিই বিদেশে।
টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচে মুখোমুখি হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। আবুধাবিতে আজ বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। টেস্টের পর আরব আমিরাতেই হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বাংলাদেশ-আফগানিস্তানের সঙ্গে যোগ দেবে জিম্বাবুয়ে। ১৭ থেকে ২৩ অক্টোবর আবুধাবি ও শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ।

২০১৭ সালে টেস্ট মর্যাদা পেলেও আফগানিস্তান গড়ে বছরে দুটি করে টেস্ট খেলারও সুযোগ পায় না। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলা আফগানরা ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলে দীর্ঘ বিরতিতে। টেস্টে তাদের পারফরম্যান্সও আশানুরূপ নয়। আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকেই পাখির চোখ
৮ মিনিট আগে
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এবার ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড়ের জিতেছেন বাংলাদেশের এই তরুণ উইঙ্গার। সতীর্থদের ভোটে তাঁকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য।
১৭ মিনিট আগে
জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসি এখন অনেকটাই ঝাড়া হাত পা। গতকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বর্তমানে কেবল তিনি খেলেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার তাঁকে লাতিন আমেরিকার এক টুর্নামেন্টে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। মেসি কেবল এই প্রস্তাব শুনে হেসেই গেলেন।
৩ ঘণ্টা আগে