Ajker Patrika

বলে লালা ব্যবহারে ভারতীয় অধিনায়কের পক্ষে কুকও

ক্রীড়া ডেস্ক    
বলে লালা ব্যবহারে ভারতীয় অধিনায়কের পক্ষে কুকও
শুবমান গিলের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালিস্টার কুক। ফাইল ছবি

ক্রিকেট বলে উজ্জ্বলতা ধরে রাখতে লালা ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের। ওয়েলিংটন টেস্টের পর বোলারদের আবারও সুবিধা বাড়াতে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তাঁর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি অ্যালিস্টার কুক।

কুক মনে করেন, টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা উচিত।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে লালা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২ সালে সেই নিষেধাজ্ঞা স্থায়ী করা হয়। এর আগে পেস বোলাররা পুরোনো বলের এক পাশ চকচকে রাখতে লালা ব্যবহার করতেন। এতে বলের দুই পাশের অবস্থার পার্থক্য বজায় থাকত, যা রিভার্স সুইং কিংবা লেট সুইং পেতে সহায়তা করত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যাটারদের দাপটের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ম্যাচে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল মিলে ৩১২ বল খেলে ড্র নিশ্চিত করেন। বোলারদের জন্য তেমন কিছু করার সুযোগ না থাকায় লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন গিল।

ইংল্যান্ডের হয়ে ১৬১টি টেস্ট খেলা কুকও মনে করেন, টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বল ও পিচ–দুই দিকেই নজর দেওয়া জরুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখা গেলেও গ্যালারিতে দর্শক উপস্থিতি কম থাকায় হতাশা প্রকাশ করেন তিনি।

লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কুক বলেন, ‘এতে আমার একেবারেই কোনো আপত্তি নেই। লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে দিলে আমি খুশি হব। এতে কারও কোনো ক্ষতি হবে না। পাশাপাশি পিচের দিকেও নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ড্রপ-ইন পিচ আরেকটি ক্ষেত্র, যেখানে ক্রিকেটে বিনিয়োগ প্রয়োজন। ভালো উইকেট তৈরি করে ম্যাচে উত্তেজনা ছড়াতে পারলেই সবার মধ্যে ঐকমত্য তৈরি হবে।’

টেস্ট ক্রিকেটে প্রাণবন্ত উইকেটের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন কুক। তিনি বলেন, ‘আমি আগের দিনের মতো ভালো ও প্রাণবন্ত পিচ দেখতে চাই। এখন এমন উইকেট তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ইংল্যান্ড এ কাজটা ভালোভাবে করে। তবে শুধু ইংল্যান্ডে নয়, বিশ্ব ক্রিকেটজুড়েই এমন উইকেট প্রয়োজন। পিচের মান উন্নত করতে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করা উচিত। এতেই টেস্ট ক্রিকেট আরও শক্ত ভিত পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত