
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও টেলিভিশন ধারাভাষ্যকার ডেভিড হুকসের সেই আলোচিত উক্তি মনে আছে? ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের আগে হুকস বলেছিলেন, ‘দুটি টেস্টই এক দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। বাস্তবতা হলো, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে থাকার যোগ্য নয়।’
অপমানজনক এই মন্তব্যের জবাব বাংলাদেশ মাঠে পুরোপুরি দিতে পারেনি। তবে হুকস যেভাবে এক দিনে টেস্ট শেষ করার তত্ত্ব দিয়েছিলেন, সেটিও সঠিক হয়নি। স্টিভ ওয়াহর সেই পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্টই তিন দিন পর্যন্ত নিতে পেরেছিল। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন সেই দলের সবাই ক্রিকেট ছেড়েছেন আরও আগেই। দীর্ঘ দুই যুগ পর তাসমানপাড়ের দেশটির বিপক্ষে যে দল নিয়ে টেস্ট খেলবে বাংলাদেশ, সে দলের প্রায় বেশির ভাগ ক্রিকেটারের জন্যই অস্ট্রেলিয়ার কন্ডিশন বড্ড অচেনা।
বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেখানকার পেস সহায়ক উইকেট। ঐতিহ্যগতভাবেই সেখানে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। নিজেদের মাঠে প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো বিশ্বমানের পেসাররা যে অতিথিদের কঠিন পরীক্ষা নেবেন, তা বলাই যায়।
অস্ট্রেলিয়ার সফরে বাংলাদেশের দুই টেস্ট হবে ডারউইন ও ম্যাকাইতে। ম্যাকাইতে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ হয়নি। ২টি টেস্ট হয়েছে ডারউইনে। যেখানে স্পিনারদের ১৪টির বিপরীতে পেসাররা নিয়েছেন ৪২ উইকেট। এই পরিসংখ্যানও অস্ট্রেলিয়ার মাটিতে পেসারদের চিরায়ত দাপটের সাক্ষী দিচ্ছে।
অথচ এই কন্ডিশনে বাংলাদেশ পাচ্ছে না তাদের সবচেয়ে বড় অস্ত্র নাহিদ রানাকে। ২৩ বছর বয়সী ফাস্ট বোলার চোটে পড়ে ছিটকে যাওয়ার খবরটা কদিন আগে বেশ ফলাও করে ছেপেছে অস্ট্রেলিয়ান মিডিয়া। সিডনি মর্নিং হেরাল্ডই যেমন নাহিদ রানাকে নিয়ে কদিন আগে লিখেছিল, ‘রানা জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করার পাশাপাশি বাউন্স ও নিখুঁত লাইন-লেন্থ দিয়ে তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন।’ নাহিদ রানার মতো ফাস্ট বোলিং সেনসেশনের অনুপস্থিতি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমও যেন বেশ অনুভব করছে। পেস সহায়ক উইকেটে প্রতিপক্ষের আগুনে বোলিং তারাও দেখতে চেয়েছিল।
আগস্টে দুই টেস্টের ভেন্যু ডারউইন ও ম্যাকাইতে বৃষ্টির সম্ভাবনা বেশ কম। স্বাভাবিকভাবে পিচ থাকবে শক্ত ও শুকনা। নতুন বলে বাড়তি বাউন্স আদায় করতে পারবেন পেসাররা। সেই সঙ্গে কিছুটা সিম মুভমেন্ট পাওয়া যায়। তবে ম্যাচ যত এগোয়, উইকেট ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্যও সুবিধাজনক হয়ে ওঠে। এমন কন্ডিশনে খুব বেশি খেলার সুযোগ হয় না বাংলাদেশের। চিন্তার কারণ সেখানেই।
একে তো অস্ট্রেলিয়ার পেস সহায়ক উইকেট, তার ওপর বাড়তি চিন্তা যোগ করছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হতাশাজনক ব্যাটিং। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফুটবল বিশ্বকাপের ডামাডোলে এমন বাজে ব্যাটিং নিয়ে তেমন সমালোচনা না হলেও কপালে চিন্তার ভাঁজ দূর করার উপায় নেই। জিম্বাবুয়ে সিরিজের সেই হতাশাজনক ব্যাটিং থেকে ঘুরে দাঁড়াতে না পারলে খুব বাজে কিছুই অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার মাটিতে।
পেস আক্রমণে নাহিদ রানা তো নেই। চিন্তা আছে আরও। চোটে পড়ে প্রথম টেস্টের দলে নেই শরীফুল ইসলাম। দ্বিতীয় টেস্টের আগে ফিট হলে দলে ফিরবেন এই বাঁহাতি পেসার। রানা-শরীফুলের অনুপস্থিতিতে কিছুটা দুর্বল শক্তির পেস আক্রমণ নিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ সামনে রেখে গত শুক্রবার রাতে অস্ট্রেলিয়ায় রওনা দিয়েছে বাংলাদেশ দল।

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হতে বেশি সময় বাকি নেই। জসপ্রীত বুমরাকে নিয়েও শোনা যাচ্ছে একেকরকম সংবাদ। কদিন আগে তাঁকে নিয়ে সুখবর পাওয়া গেলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। এবার ভারতের তারকা পেসারের সিরিজ এক রকম শেষ বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
২২ মিনিট আগে
ঘরের ছেলে ঘরে ফিরেছেন বলেই কি এত উন্মাদনা! ফুটবলার হিসেবে না হলেও কোচ হিসেবে ফ্রান্স ফুটবলে তো ফিরেছেন জিনেদিন জিদান। সেকারণেই যে ফ্রান্স-ইতালি ম্যাচ মাঠে গড়াতে বাকি এখনো দুই মাস, জিদানকে এক নজর দেখতেই ম্যাচের পুরো টিকিট বিক্রি হয়েছে। তাও একটা-দুইটা টিকিট নয়, ৮০ হাজার টিকিট।
১ ঘণ্টা আগে
আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ঘরের মাঠে খেলতে নামার সুযোগ, দর্শকদের সমর্থন এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলে পালা বদলের হাওয়া—সব মিলিয়ে এবারের টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশের লক্ষ্যও একটাই, ২৩ বছর ধরে অধরা থাকা সাফের ট্রফি আবার
১ ঘণ্টা আগে
এর আগে টানা পাঁচ বছর ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। তাঁর অধীনে ৬৫টি টেস্টে ২৭ জয় পেয়েছে ইংলিশরা, যা ইংল্যান্ডের কোনো টেস্ট অধিনায়কের সর্বোচ্চ। ২০২২ সালে নেতৃত্ব ছেড়ে দিলেও ব্যাট হাতে নিজের চেনা ছন্দেই ছিলেন রুট। দলের ক্রান্তিকালে আবার তাঁকে গুরু দায়িত্ব দিল ইসিবি। ফের নেতৃত্ব পেয়ে তারকা ক্রিকেটার
২ ঘণ্টা আগে