Ajker Patrika

শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারত

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারত
শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়ে গেল জসপ্রীত বুমরার। ছবি: ক্রিকইনফো

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হতে বেশি সময় বাকি নেই। জসপ্রীত বুমরাকে নিয়েও শোনা যাচ্ছে একেকরকম সংবাদ। কদিন আগে তাঁকে নিয়ে সুখবর পাওয়া গেলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। এবার ভারতের তারকা পেসারের সিরিজ এক রকম শেষ বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিছু না জানালেও বুমরাকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রাথমিক মূল্যায়নের পরও বুমরার বাঁ হাঁটুতে এখনো অস্বস্তি রয়েছে। তাই বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানো ঠিক হবে না। বরং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরই বুমরার মাঠে ফেরাটা উত্তম।

ভারত-শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্টই শেষ হয়ে যাবে আগস্টে। পরবর্তীতে সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টোয়েন্টি সংস্করণে হবে এশিয়ান গেমস। এই দলে আছেন বুমরা। এ ছাড়া অক্টোবর-ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ভারতের তিন সংস্করণেরই ম্যাচ রয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘আগে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে ক্রিকেটারদের তাড়াহুড়ো করে মাঠে ফেরানোর পর ফের চোটে পড়েছে। বুমরার ক্ষেত্রে সেই ঝুঁকি নেওয়া যাবে না। তাই তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠাই এখন একমাত্র লক্ষ্য। সামনে এখনো অনেক ক্রিকেট রয়েছে।এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং আগামী বছরের শুরুতে বোর্ডার-গাভাস্কার ট্রফিও আছে।’

বিসিসিআই আগামী কদিনের মধ্যেই বুমরার বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে এগিয়ে আছেন আকিব নবি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তাঁর অভিষেক হয়নি। তবে ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন আকিব। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬০ উইকেট নিয়েছেন জম্মু-কাশ্মীরের জার্সিতে খেলা এই পেসার। ভারতের এই রাজ্যকে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতাতে তাঁর বোলিং দারুণ অবদান রেখেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৭৫ শতাংশ। ভারত ও শ্রীলঙ্কা ফাইনালের দৌড়ে অনেক পেছনে। পাঁচে থাকা ভারতের সফলতার হার ৪৮.১৫ শতাংশ। শ্রীলঙ্কা ৪১.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে ছয়ে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে দুই দলের সামনেই সিরিজটি গুরুত্বপূর্ণ। গলে ১৫ আগস্ট মাঠে গড়াবে প্রথম টেস্ট। কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত