Ajker Patrika

ডাগআউটে মোবাইল চালিয়ে মোদির সন্দেহের তালিকায় রাজস্থানের ম্যানেজার

ক্রীড়া ডেস্ক    
ডাগআউটে মোবাইল চালিয়ে মোদির সন্দেহের তালিকায় রাজস্থানের ম্যানেজার
সূর্যবংশীর পাশে বসে মোবাইল চালাচ্ছেন রাজস্থানের ম্যানেজার ভিন্দার। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে বলছেন আইপিএলের সাবেক ম্যানেজার ললিত মোদি। ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে এবার রীতিমতো উড়ছে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ে রাজস্থানের কাছে পাত্তাই পাচ্ছে না কোনো দল। তবে এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত এক ঘটনা ঘটিয়েছেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দার। এই ব্যাপারে মুখ খুলেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি।

সন্দেহজনক ঘটনাটি ঘটেছে গত পরশু গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের দিনে। রাজস্থানের ইনিংসের ১১তম ওভারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দার ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। তাঁর পাশে বসে থাকা সূর্যবংশী তাঁর (ভিন্দার) মোবাইল স্ক্রিনে উঁকি মারেন। এই ঘটনা নিয়ে গত রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ললিত মোদি লিখেছেন, ‘ডাগআউটে মোবাইল ফোন রাখা একেবারেই উচিত না। এটা কি আসলেই হয়েছে? আশা করি ঘটেনি। যদি ঘটে, তাহলে আইপিএলের পরিচালনা পর্ষদকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

আইপিএল পিএমওএ (খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়াল এরিয়া) প্রটোকল অনুযায়ী, পিএমওএতে মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। ড্রেসিংরুম, ড্রেসিংরুমের সামনের খেলোয়াড়দের ম্যাচ দেখার এলাকা, থার্ড আম্পায়ার এলাকা, ম্যাচ রেফারির কক্ষ, ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের খাবারের এলাকা, ডাগআউট এবং বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী ইউনিট ও সিকিউরিটি ম্যানেজারের নির্ধারণ করে দেওয়া এলাকা—এসব জায়গা পিএমওএ এলাকার মধ্যে পড়ে। ভিন্দারের হই চই ফেলে দেওয়া ঘটনা নিয়ে ক্রিকইনফো আজ এক প্রতিবেদন প্রকাশ করেছে। এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালসের ম্যানেজারের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ আনা হয়নি বলে জানা গেছে ওয়েবসাইটির প্রতিবেদন থেকে।

রাজস্থান-বেঙ্গালুরু ম্যাচটি গত শুক্রবার গুয়াহাটিতে এক ঘণ্টা দেরিতে শুরু হলেও দুই দলই পুরো ২০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান করে বেঙ্গালুরু। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সূর্যবংশী। তবে তাঁর এই ঝোড়ো ব্যাটিংয়ে জয় যত তাড়াতাড়ি প্রত্যাশা করা হচ্ছিল, আদতে তা হয়নি। ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে জেতে রাজস্থান। চার ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। দুইয়ে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত