পাকিস্তান ম্যাচে বল টেম্পারিংয়ের পরামর্শ আসলে কে দিয়েছিলেন

বল টেম্পারিং কেলেঙ্কারি যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। কুখ্যাত স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির ঘটনা আট বছর পর ফের মাথাচাড়া দিয়ে ওঠে উসমান খাজার আত্মজীবনী সবর প্রকাশের পর। এবার সামনে এল সে সময়ের আরও এক কেলেঙ্কারির ঘটনা। যা পাকিস্তানের বিপক্ষে ঘটেছিল বলে জানা গেছে। তাতে চলে আসে অভিজ্ঞ এক ক্রিকেটারের নাম।
২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সম্ভাব্য বল টেম্পারিং নিয়ে আলোচনা শুরু হয়েছিল কদিন আগেই। সেবার মিন্ট (মুখের দুর্গন্ধ দূর করার সুগন্ধি ট্যাবলেট) ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। এবার অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে সেই ঘটনার হোতা হিসেবে চলে আসে লায়নের নাম। নিউজ কর্পের এক প্রতিবেদনের বরাত দিয়ে আজ দেশটির আরেক সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদ প্রকাশ করেছে। ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বল চকচকে রাখতে ব্রেথ মিন্ট ব্যবহারের ধারণাটি লায়নেরই দেওয়া।
পাকিস্তান সিরিজে অতিরিক্ত লালা তৈরি করে বল চকচকে রাখতেই মূলত এই পরামর্শ লায়ন দিয়েছিলেন বলে জানা যায়। এই নতুন তথ্য ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আচরণ ফের বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ক্রিকেটার খাজা ‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে এ ঘটনা নিয়ে কথা বলার পর বিষয়টি সামনে আসে। সাবেক অজি ক্রিকেটার জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া দলের এক জ্যেষ্ঠ ক্রিকেটার বল পালিশ করতে বেশি লালা উৎপাদনের জন্য ব্রেথ মিন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। খাজা আরও ইঙ্গিত দিয়েছিলেন, সেই ক্রিকেটার একই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলে ছিলেন।
লায়ন ২০১৮ সালের মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে চার টেস্টের চারটিতেই একাদশে ছিলেন। সে বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টও খেলেছিলেন। খাজা যে কথা বলেছিলেন কদিন আগে এবং আজ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেই ক্রিকেটার লায়ন হওয়ার সম্ভাবনাই বেশি। তবে পাকিস্তান সিরিজে মিন্ট ব্যবহারের পরামর্শ কি লায়ন সিরিয়াসলি দিয়েছিলেন, নাকি স্রেফ রসিকতা—সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ থেকে পুরোপুরি লায়ন বাদ যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও দল এখনো ঘোষণা করা হয়নি। পার্থে ৯ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ। ২০১১ থেকে এখন পর্যন্ত ১৪৫ টেস্টে নিয়েছেন ৫৭৭ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৪ বার। পাঁচবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সবশেষ তিনি খেলেছেন কেপটাউনে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে।










