চোটের কারণে লম্বা সময় ধরে দলের বাইরে আছেন নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ফের চিন্তা বাড়ল এই গতি তারকাকে নিয়ে।
ডেঙ্গু জ্বরে ভুগছেন রানা। ডেঙ্গু পজিটিভ হওয়ার পর গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
সবশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলেছেন রানা। চোটের কারণে এরপর থেকেই দলের বাইরে আছেন। চোট থেকে সেরে উঠতে দুই দফায় তাঁকে অস্ট্রলিয়ায় পাঠিয়েছিল বিসিবি। সেখানকার চিকিসকেরা ফিট ঘোষণার পর বোলিং শুরু করেছিলেন এই পেসার। তাই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে রানাকে ফেরানোর পরিকল্পনা করছিল টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে এল ডেঙ্গু আক্রান্তের খবর।
ডেঙ্গু আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে রানার দলে ফেরা এখন অনিশ্চিত। বিসিবির ওই সূত্র জানিয়েছে, ডেঙ্গু থেকে সেরে উঠার পর ফিটনেস টেস্ট দিতে হবে রানাকে। উতরে গেলেই কেবল তাঁকে টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা পাঠানো হবে। তবে তারকা পেসারকে নিয়ে বিসিবি কোনো ধরনের ঝুঁকিতে যেতে চায় না বলেও জানিয়েছে ওই সূত্র।
বাইশ গজে বাজে সময় পার করছে বাংলাদেশ। সব সংস্করণ মিলে সবশেষ ১০ ম্যাচে জয়হীন দল। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু করেছে নাজমুল হোসেন শান্তরা। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর।
রানা ছাড়াও চোটের কারণে আরেক ইনফর্ম পেসার হাসান মাহমুদকেও পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে জোহানেসবার্গ টেস্টের পর তাঁকে দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। সেরা শক্তির পেসারদের ছাড়া দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে দাপট দেখাতে পারছে না বাংলাদেশ।










