কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পাকিস্তানের ১২ ক্রিকেটার

কমে গেল কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানের নারী ক্রিকেটারের সংখ্যা। গত বছর যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২০ ক্রিকেটার। এবার সেটা হয়ে গেল আট। অর্থাৎ আগের চুক্তির ১২ ক্রিকেটার বাদ পড়েছেন।
২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি আজ ঘোষণা করেছে পিসিবি। নতুন চুক্তিতে আছেন আট ক্রিকেটার। যার মধ্যে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন অধিনায়ক ফাতিমা সানা এবং বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। আগেও তাঁরা সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। ‘বি’ ক্যাটাগরিতে আছেন সিদরা আমিন, মুনিবা আলী ও নাশরা সান্ধু। ক্যাটাগরি ‘সি’তে রয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামস। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পেলেও এবার চুক্তি পাওয়া একমাত্র ক্রিকেটার আয়েশা জাফর।
সবশেষ ২০২৫-২৬ মৌসুমের চুক্তি অনুযায়ী ২০ ক্রিকেটারের মধ্যে ১২ জনকেই দেওয়া হয়েছিল ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে। নতুন চুক্তি (২০২৬-২৭) অনুযায়ী দুটি ক্যাটাগরি পুরোপুরি বাতিল করা হয়েছে। বিশেষ করে ‘ই’ ক্যাটাগরি বাতিলের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। গত বছর চুক্তি ঘোষণার সময় তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের উৎসাহিত করতে ‘ইমার্জিং ক্যাটাগরি’ হিসেবে এই বিভাগ চালু করেছিল বোর্ড।
গত বছর পিসিবির ‘ই’ ক্যাটাগরিতে ছিলেন দুই ক্রিকেটার ইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকার। এবার তাঁরা বাদ পড়েছেন। এ ছাড়া পুরোনো কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ, রামিন শামীম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে-হানি ও ওয়াহিদা আখতার। আজ প্রকাশিত ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় চুক্তি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সেটা বহাল থাকবে।
পাকিস্তান বর্তমানে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পাঁচ নম্বরে রয়েছে। তারা এখন পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে। হেরেছে তিন সিরিজই। আগামী মাসে তারা ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। যাবে, যেখানে স্বাগতিক দলের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। ১১ দলের মধ্যে সবার ওপরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১৩। ৯ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। ২০২৫ থেকে ২০২৯ পর্যন্ত চলবে এই চক্র।









