Ajker Patrika

‘ডারউইনের সেঞ্চুরি তানজিদ কখনো ভুলবে না’

ক্রীড়া ডেস্ক    
‘ডারউইনের সেঞ্চুরি তানজিদ কখনো ভুলবে না’
১০১ রানের ইনিংস খেলেছেন তানজিদ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা। ছবি: ক্রিকইনফো

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। তাও আবার অস্ট্রেলিয়ার মূল শক্তির দলের বিপক্ষে। সেঞ্চুরি করা এই ওপেনারের ভূয়সী প্রশংসা করেছেন অজিদের দুই কিংবদন্তি ক্রিকেটার মার্ক ওয়াহ ও রিকি পন্টিং।

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের লিডের পথে সবচেয়ে বড় অবদান তানজিদের। ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। দুবার নতুন জীবন পেলেও প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের মতো বোলারদের বিপক্ষে তানজিদ যেভাবে ব্যাটিং করেছেন, তা ছিল দেখার মতো।

বাংলাদেশ লিড পেয়েছে তানজিদের বাউন্ডারি থেকেই। সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। নাথান লায়নের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে তাঁর করা ১০২ রানের জুটি বাংলাদেশের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শান্তকে নিয়ে ৯৩ রানের আরও একটি বড় জুটি গড়েন তানজিদ।

তানজিদের ব্যাটিং নিয়ে ফক্স ক্রিকেটকে ওয়াহ বলেন, ‘দারুণ এক মুহূর্ত। তার (তানজিদ) ক্যারিয়ারে যাই হোক না কেন, ডারউইনে করা সেঞ্চুরি সে কখনো ভুলবে না। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে দারুণ এক ইনিংসই খেলেছে সে।’

চ্যানেল সেভেনে পন্টিং বলেন, ‘সে (তানজিদ) ধীরগতির ও নিচু উইকেটে খেলে অভ্যস্ত। এখানকার (অস্ট্রেলিয়া) কন্ডিশন সম্পূর্ণ আলাদা। সে দারুণ ব্যাটিং করেছে। এটা এমন এক মুহূর্ত, যা সে কখনো ভুলবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এটা করার চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। সেটাও মাত্র দ্বিতীয় টেস্টে।’

তানজিদের শট নির্বাচন আলাদাভাবে মুগ্ধ করেছে পন্টিংকে, ‘সে মুগ্ধ করেছে (নব্বইয়ের ঘরে ব্যাটিং প্রসঙ্গে)। তার বেশ ধৈর্য আছে। ডিফেন্সে হাত পাকা। খুবই সহজ টেকনিকে খেলে। ভালো বলগুলো ডিফেন্ড করে আর খারাপ বলগুলো সীমানার বাইরে পাঠায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত