Ajker Patrika

পাকিস্তানের ৪২৬ কোটি টাকা কেড়ে নেওয়ার ‘হুমকি’ আইসিসির

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ৪৮
পাকিস্তানের ৪২৬ কোটি টাকা কেড়ে নেওয়ার ‘হুমকি’ আইসিসির
ভারত-ম্যাচ বয়কট করায় পিসিবিকে ৪২৬ কোটি টাকা জরিমানা করতে পারে আইসিসি। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে বেশ তোলপাড় অবস্থা। কোন দলের কী অবস্থা, খেলোয়াড়দের পারফরম্যান্স—এসব ছাপিয়ে বরং পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা নিয়ে চলছে নানা কথাবার্তা। এমন পরিস্থিতিতে আইসিসি পাকিস্তানকে মোটা অঙ্কের টাকা জরিমানা করতে পারে বলে শোনা যাচ্ছে।

৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুর দিন ভারত-পাকিস্তান আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল থেকে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর কী কী শাস্তি পেতে পারে, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে একের পর এক খবর প্রচার করা হচ্ছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বার্ষিক রাজস্বের পুরো অর্থ আটকে রেখে দিতে পারে আইসিসি। সেই অঙ্কটা ৩ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪২৬ কোটি ৩৩ লাখ টাকা।

পিসিবির ৪২৬ কোটি ৩৩ লাখ টাকার পুরোটা টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারক চ্যানেল জিওস্টারকে দেওয়া হবে বলে জানা গেছে। পিটিআইকে পিসিবির এক সূত্র বলেন, ‘যদি পাকিস্তান নমনীয় না হয় এবং ভারতের বিপক্ষে না খেলে, সে ক্ষেত্রে তারা (পিসিবি) যে শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ব্যাপারটা তা নয়। সম্প্রচারক কর্তৃপক্ষ মামলাও করে দিতে পারে। তখন আইসিসির বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে গিয়েও লাভ হবে না।’

বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক ক্রিকেট দল পাকিস্তান সফরে নিয়মিত যাচ্ছে। তবে ২০০৮ এশিয়া কাপের পর প্রতিবেশী পাকিস্তানের মাঠে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। এমনকি ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের কারণে হাইব্রিড মডেলে হয়েছিল। ২০২৩ এশিয়া কাপে ভারত খেলেছিল শ্রীলঙ্কায় আর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

২০২৪ সালের ডিসেম্বরে বিসিসিআই-পিসিবির মধ্যে হাইব্রিড মডেলের সমঝোতামূলক চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান তাদের ম্যাচগুলো লঙ্কায় খেলবে। এ ব্যাপারে পিসিবির এক সূত্র বলেছে, ‘সরকারের নির্দেশে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বড় খেসারত দিতে হতে পারে পিসিবিকে। যেখানে তাদের (পিসিবি) ইচ্ছে অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে (শ্রীলঙ্কা) সব ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়েছে এবং তারা ভারতে খেলছে না। দ্বিতীয়ত ভারতীয় সরকার তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে খেলার অনুমতি দেয়নি। তবে এশিয়া কাপ বা আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে কোনো ভারতীয় সরকার বাধা দেয়নি।’

২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নাকভি। সেদিনই তিনি জানিয়েছিলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। ১ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পর বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

শুধু তা-ই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের পয়েন্ট কেটে নিতে পারে আইসিসি।পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করতে পারে বড় দলগুলো।পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্রের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে শোনা গেছে। এমনকি এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। ভারত ম্যাচের আগে বিশ্বকাপ শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১০ ফেব্রুয়ারি সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, যা জানালেন নাহিদ ইসলাম

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত