
বাংলাদেশের কাছে ডারউইনে প্রথম টেস্টে হারের পর বিপাকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের এই হারকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে লজ্জাজনক। এমনকি রিকি পন্টিংও ধুয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। উসমান খাজা এখানেই ব্যতিক্রম। তাঁর মতে এভাবে ঢালাও সমালোচনা করে বাংলাদেশের জয়কে অসম্মান করা হচ্ছে।
অস্ট্রেলিয়া দলকে নিয়ে তাদের দেশের সংবাদমাধ্যমেই যখন বিব্রতকর, লজ্জাজনক বলা হচ্ছে, তখন মুখ খুললেন খাজা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাবেক অজি ব্যাটার এক ভিডিও বার্তায় বলেন, ‘‘আমি জানি আমরা বিশ্বের ১ নম্বর দল। সবাই আশা করেছিল আমরাই জিতব। কিন্তু ‘লজ্জাজনক’ বা ‘অপমানজনক’ কথাগুলো বলা আসলে বাংলাদেশের জন্য চরম অবমাননাকর। তারা শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে পুরোপুরি ছাড়িয়ে গেছে। তাই আপনাকে তাদের পিঠ চাপড়ে দিয়ে বলতে হবে— ‘দারুণ খেলেছ, এবার চলো পরবর্তী ম্যাচের দিকে নজর দেই’। আমি সত্যিই বুঝতে পারি না কেন মানুষ তাদের নিয়ে এভাবে অনাদর করে কথা বলছে।’’
১৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন অস্ট্রেলিয়া। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩। এমনকি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়েও শীর্ষে অজিরা। ডারউইন টেস্টের আগে ঘরের মাঠে সবশেষ ১৫ টেস্টের মধ্যে ১১টিতেই জিতেছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়াকে কেবল তুড়ি মেরে উড়িয়ে দিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিংয়ে অনবদ্য বাংলাদেশ সাড়ে তিন দিনেই পেয়ে গেল ৯ উইকেটের সহজ জয়।
অস্ট্রেলিয়ার হারকে বাজেভাবে উপস্থাপন করে বাংলাদেশের জয়কেই খাটো করে দেখা হচ্ছে বলে মনে করেন খাজা। গতকাল ফেসবুকে সাবেক অজি ওপেনার বলেন, ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া নিয়ে আমি কিছু সংবাদমাধ্যমের শিরোনাম দেখেছি। কিছু মানুষের কথা শুনেছি। একটা জিনিস আমাকে বিরক্ত করেছে তা হলো— অনেকে বলছেন অস্ট্রেলিয়ার হেরে যাওয়াটা লজ্জাজনক বা অপমানজনক। কিন্তু এটা তো টেস্ট ক্রিকেট। আপনি নিশ্চয়ই বোঝেন যে দুই দলেরই জয়ের সুযোগ থাকে। এটাই তো এই খেলার আসল উদ্দেশ্য।’
২০০৩ সালে সবশেষ অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ দুই টেস্ট খেলে দুটিতেই ইনিংসে হেরেছে। দুটির কোনোটিই পাঁচ দিনে গড়ায়নি। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক-মুশফিকুর রহিমদের ২৩ বছর আগে খেলা তো দূরে থাক, আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়নি। তাঁরাই এবার সাড়ে তিন দিনে ডারউইনে জয় ছিনিয়ে আনলেন। গত পরশু ৯ উইকেটে জয়ের পর ম্যারারা ক্রিকেট গ্রাউন্ড এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। গ্যালারি থেকে ভেসে আসে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান। প্রবাসীদের সঙ্গে মিরাজের ছবি তোলার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
শান্ত তো দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেনই। ব্যাটিংয়ে করেছেন ৮৪ রান। পাশাপাশি তাঁর বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তন ও সতীর্থদের উজ্জীবিত করা বাংলাদেশের জয়ে দারুণ অবদান রেখেছে। ম্যাচসেরা হাসান মাহমুদের ৯ উইকেট, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স—বাংলাদেশের ক্রিকেটারদের এমন অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকেই লাগছিল অসহায়। শান্তদের প্রশংসায় ভাসিয়ে খাজা বলেন, ‘আমার পক্ষ থেকে শুধু এটুকুই বলার আছে— সেদিন তারাই (বাংলাদেশ) ছিল সেরা দল। আমি এখনো বিশ্বাস করি সার্বিকভাবে অস্ট্রেলিয়া আরও ভালো দল, যদি তারা তাদের নিজেদের মান অনুযায়ী খেলতে পারে। আশা করি আগামী টেস্টেই তা দেখতে পাবেন, কিন্তু কে জানেন।’

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
৩ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
৪ ঘণ্টা আগে