Ajker Patrika

বাংলাদেশের জয়ে খুশি ভিনদেশিরাও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৭: ৪২
বাংলাদেশের জয়ে খুশি ভিনদেশিরাও
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: এএফপি

অনবদ্য, অসাধারণ, অভূতপূর্ব—ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর কোনো শব্দই যেন যথেষ্ট নয়। ৯ উইকেটে জয়ের পর এখন প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক-হাসান মাহমুদরা। ক্রিকেট বিশেষজ্ঞ ইয়ান বিশপ তো বাংলাদেশকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসামূলক পোস্ট দিয়েছেনই। এমনকি বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম, দূতাবাসেও চলছে বাংলাদেশ বন্দনা।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নেমে বাজিমাত করল বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে সাড়ে তিন দিনে ৯ উইকেটের বিশাল জয় পেল শান্তর দল। উইকেট নেওয়ার পর হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের উদযাপন, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি—এমন কয়েকটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। ক্যাপশনে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘অস্ট্রেলিয়ায় প্রথম জয়। কী দারুণভাবেই এল সেই জয়। বাংলাদেশের স্মরণীয় টেস্ট।’

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ করে ৪২৬ রান। তানজিদ তামিম করেছেন ১০১ রান। শান্ত (৮৪) ও মিরাজের (৬৫) ব্যাট থেকেও আসে ফিফটি। ২২৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা অজিরা এবার করেছে ২৮৪ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৩ উইকেট। মিরাজ দ্বিতীয় ইনিংসে ঘূর্ণিজাদুতে পেয়েছেন ৫ উইকেট।

৫৭ রানের লক্ষ্য তাড়া করে ১৪.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছানোর পর ডারউইন হয়ে যায় এক টুকরো বাংলাদেশ। ৯ উইকেটের জয়ে গ্যালারি থেকে ভেসে আসে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফেসবুকে লিখেছে, ‘বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়াকে নয় উইকেটের ঐতিহাসিক ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে। মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করে তারা অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জয় নিশ্চিত করেছে। বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে এই জয় তারা চার দিনের মধ্যেই দাপটের সঙ্গে তুলে নিয়েছে।’

ডেনমার্কের দূতাবাসও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। ছবি: ফেসবুক
ডেনমার্কের দূতাবাসও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। ছবি: ফেসবুক

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের সম্প্রচারক স্টার স্পোর্টসও প্রশংসায় ভাসিয়েছে শান্ত-মুমিনুলদের। ফেসবুকে স্টার স্পোর্টস লিখেছে, ‘বিশ্বের এক নম্বর টেস্ট দলটির সঙ্গে ছিল ঘরের দর্শকদের সমর্থন। বাংলাদেশের ছিল আত্মবিশ্বাস।অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ।’ আর বাংলাদেশে অবস্থিত ডেনমার্ক দূতাবাস ফেসবুকে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে ডেনমার্ক। দারুণ খেলেছ বাংলাদেশ।’

অস্ট্রেলিয়াকে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকেতে ২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত