Ajker Patrika

সামনে আরও কঠিন সময় আসছে—বাংলাদেশ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৬: ৩৪
সামনে আরও কঠিন সময় আসছে—বাংলাদেশ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে সেঞ্চুরি করেন ক্যামেরন গ্রিন। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হেরে কোণঠাসা অবস্থায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল এখন হোয়াইটওয়াশের আশঙ্কায়। শুধু তা-ই নয়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারলে প্রভাব পড়বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরও। ক্যামেরন গ্রিন যেন সেটাই বোঝাতে চাইলেন।

ম্যাকাইতে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশের সামনে যখন ইতিহাস গড়ার হাতছানি, অস্ট্রেলিয়ার জন্য সেটা সম্মান বাঁচানোর লড়াই। যেখানে ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর কামিন্স-ট্রাভিস হেডদের রীতিমতো ধুয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। এমনকি রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলের মতো কিংবদন্তিরাও অনুজদের এমন পরাজয় মেনে নিতে পারছেন না।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট নয়, গ্রিন ব্যাপারটা আরও এক ধাপ এগিয়ে চিন্তা করছেন। ম্যাকাইতে আজ সাংবাদিকদের ২৭ বছর বয়সী অজি অলরাউন্ডার বলেন, ‘সামনের ১২ মাস আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ড—বিদেশের মাঠে তিনটি কঠিন সিরিজ রয়েছে। পাশাপাশি একটা বিশ্বকাপও আছে।’

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়ও। ২২৮ রানে পিছিয়ে থাকা অজিদের দ্বিতীয় ইনিংসে এক পর্যায়ে স্কোর হয়ে যায় ৭ উইকেটে ২০৭ রান। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে গ্রিন ৭৭ বলে ৪৩ রানের জুটি গড়লে অজিরা এড়ায় ইনিংস পরাজয়। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া গ্রিন ২০১ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ১০৪ রান। ব্যাটিং করেছেন ২৯২ মিনিট। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন ৯ নম্বর ব্যাটার হিসেবে।

গ্রিনের ১০৪ রানের ইনিংসটিই মূলত বাংলাদেশের সামনে ৫৭ রানের লক্ষ্য দিতে পেরেছে অস্ট্রেলিয়া। তাঁর মতে ধৈর্য ছাড়া বড় ইনিংস খেলা অসম্ভব। আজ সাংবাদিকদের ২৭ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘আপনি যখন জোর করে কিছু করতে চান, তখন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়ে ভালো করার তাগিদে অনেক সময় ফলও জোর করে পাওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টেস্ট ক্রিকেটে এমনটা সম্ভব নয়। ১০ ওভারের মধ্যে সেঞ্চুরি করা সম্ভব নয়। সেঞ্চুরি করতে হলে কয়েক ঘণ্টা ব্যাটিং করতে হয়।’

এবারের সফরের সঙ্গে ২০২৩ সালের মিল খুঁজে পাচ্ছেন গ্রিন। সেবার ইংল্যান্ড, ভারত সফরে গিয়ে টেস্ট সিরিজ ড্র করেছিল অজিরা। সেই বছর ভারতকে হারিয়েই ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ—দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। বাংলাদেশ টেস্টের আগে ম্যাকাইতে আজ সাংবাদিকদের অজি এই অলরাউন্ডার বলেন, ‘২০২৩ সালে আমাদের সূচি অনেকটা একই রকম ছিল। খুব সফল একটি বছর কাটিয়েছিলাম তখন। এবারও আমরা একই রকম কিছু করার আশা করছি। এই সময়টা দলের জন্য একটু কঠিন হলেও একই সঙ্গে রোমাঞ্চকর।’

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকাইতে ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য নিজেদের ইতিহাসকে আরও একটু সমৃদ্ধ করার হাতছানি। দ্বিতীয় টেস্ট জিতলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে ধবলধোলাই করলে বাংলাদেশের সফলতার হার হবে ৭২.২২ শতাংশ। নিউজিল্যান্ডের সঙ্গে তখন যৌথভাবে তিনে অবস্থান করবে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের বাংলাদেশ।

বাংলাদেশের কাছে ম্যাকেতে অস্ট্রেলিয়া হারলে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে নেমে যাবে। অজিদের সফলতার হার হবে তখন ৭০ শতাংশ। তখন ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ কিছু করে ফাইনাল খেলা কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার জন্য। আগামী বছরের ৯ জুন ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনাল হবে ওভালে। এই ওভালেই অস্ট্রেলিয়া ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। ওভালের ফাইনাল শেষে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ার যৌথ আয়োজনে হবে ওয়ানডে বিশ্বকাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত