
পাকিস্তান কোনো ম্যাচ হারলেই সামাজিক মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বইয়ে দেন কামরান আকমাল। দলকে নিয়ে এমন সব মন্তব্য করেন, তাতে মনে হতে পারে পাকিস্তানের চেয়ে বাজে দল হতেই পারে না। আজ মিরপুরে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিলেন কামরান।
মিরপুরে আজ প্রথম টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল বাংলাদেশ। শেষ বিকেলে পাকিস্তানের দরকার ছিল ১৫২ রান। ৭ উইকেট হাতে নিয়ে ৪৫ ওভার ব্যাটিং করতে হতো সফরকারীদের। কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে পাকিস্তান ১৬৩ রানে গুটিয়ে যায়। ১০৪ রানে হারের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কামরান বলেন, ‘আমাদের পারফরম্যান্সের মান কতটা নিচে নামবে? এখন আর কোন দল আমাদের আয়না দেখাবে? আন্তর্জাতিক ক্রিকেটে এটি অত্যন্ত লজ্জাজনক পারফরম্যান্স।’
পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটাই বাংলাদেশের প্রথম জয় নয়। এর আগে ২০২৪ সালে তাদের মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজ মিরপুরে ১০৪ রানে জিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ। যা ভারত করতে পারেনি, সেটাই করে দেখাল বাংলাদেশ।
শুধু তা-ই নয়, সচরাচর মিরপুরে স্পিনবান্ধব উইকেট বানানো হলেও এবার এই ভেন্যুতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে পেসবান্ধব উইকেট দেখা গেছে। বাংলাদেশের হারানো ১৯ উইকেটের মধ্যে ১৫ উইকেট পাকিস্তানের তিন পেসার মোহাম্মদ আব্বাস, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ভাগাভাগি করে নিয়েছেন। আর বাংলাদেশের স্পিনার-পেসাররা সমান আধিপত্য দেখিয়েছেন। প্রথম ইনিংসে ঘূর্ণিজাদুতে ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছেন।
কামরানের মতে পাকিস্তান এখন আর মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করে না বলে দলের এই অবস্থা। পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বাংলাদেশের মতো দল আমাদের কন্ডিশনে এসে আমাদের বিরুদ্ধে এমন খেলছে যা আসলে আমাদের করার কথা ছিল। ঘরের মাঠে হোক বা বিদেশে, আমাদের একতরফাভাবে জেতা উচিত। আগে আমরা জিততাম। কারণ, তখন মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করা হতো। তারা এখন ভালো হয়ে গেছে আর আমরা ভালো থেকে খারাপ হয়ে গেছি। পার্থক্য শুধু এটাই।’
বাংলাদেশ যত রানের লক্ষ্যই পাকিস্তানের সামনে ছুড়ে দিক না কেন, পাকিস্তান জয়ের জন্য ঝাঁপাবে—সালমান আলী আগা গতকাল চতুর্থ দিনের সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন। এমনকি তিনি এটাও দাবি করেছিলেন যে বাংলাদেশ শেষ দিনে ঝুঁকি নেবে না। তবে বাংলাদেশ আজ পঞ্চম দিনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান যোগ করেছে। শেষ দিনের হিসেব করলে স্বাগতিকদের রানরেট ৪.৪। ৯ উইকেটে ২৪০ রান হওয়ার পর ইনিংস ঘোষণা করেন শান্ত।
পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল গঠন করার কারণেই পাকিস্তানের এমন ভরাডুবি নিয়মিত হচ্ছে বলে দাবি কামরানের। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘যদিও বড় বড় দাবি করা হচ্ছিল যে লক্ষ্য তাড়া করা হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলা হবে। তবে এসকল বিষয় তখনই সম্ভব হয়, যখন আপনি মেধার ভিত্তিতে এবং পারফরম্যান্স দিয়ে খেলবেন। পছন্দ-অপছন্দের ভিত্তিতে ক্রিকেট চলে না। মাঠে সবকিছুই দেখিয়ে দেয়। পাকিস্তান ক্রিকেটের সঙ্গে গত ৫-৭ বছর ধরে বারবার এমনটাই হচ্ছে।ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড় নির্বাচন এবং ঘরোয়া ক্রিকেটে যদি পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল গঠন করা হয়, তবে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবেই।’
মিরপুরে আজ জিতে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন সংস্করণেই জয়ের কীর্তি গড়েছে। যদি দ্বিতীয় টেস্ট জেতে, তাহলে পাকিস্তানকে টানা দুইবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। দাপুটে জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। শান্ত-মুমিনুল হক-মুশফিকুর রহিমদের দল এবার সুখবর পেল টেস্ট চ্যাম্পিয়নশিপেও।
২ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। রাজনৈতিক বৈরিতায় দুই দলের দেখা হয় শুধু আইসিসি ইভেন্টে। মাঠের পারফরম্যান্সেও দেখা যায় না লড়াই। টেস্ট তো সুদূর অতীত। এবার ধুলো জমে যাওয়া স্মৃতির পাতায় ফিরিয়ে নিয়ে গেল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা পেছনে ফেলে দিলেন ভারতকে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ দল পঞ্চম দিনে ঝুঁকি নেবে না—সালমান আলী আঘা গতকাল চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছিলেন। কিন্তু সেই কথাকে ভুল প্রমাণ করল বাংলাদেশ। প্রথম তিন-চার দিনে যে গতিতে রান হয়েছে, তার চেয়ে দ্রুত গতিতে আজ পঞ্চম দিনে রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে
বোলিংয়ের সময় নাহিদকে খুব একটা পরামর্শ দেওয়া লাগেনি শান্তর, ‘আগে হয়তো একটু বেশি প্রয়োজন হতো এখন ধীরে ধীরে শিখছে, ধীরে ধীরে করছে। কারণ নিজের সঙ্গে নিজের বোঝাপড়া থেকে বল করা গুরুত্বপূর্ণ। যেটা ভবিষ্যতে কাজে দেবে এবং সে নিজে থেকে শিখবে।’
৫ ঘণ্টা আগে