Ajker Patrika

বিশ্বকাপ স্বপ্ন শেষ বাংলাদেশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিশ্বকাপ স্বপ্ন শেষ বাংলাদেশের
জাপানের কাছে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের। ছবি: বাহফে

জুনিয়র (অনূর্ধ্ব-২০) এশিয়া কাপ হকিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে আজ জাপানের কাছে ৬-২ গোলে হেরেছেন যুবারা। গত বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ। সেই ধারাবাহিকতা টানতে পারেননি আমিরুল-সামিনদের উত্তরসূরিরা।

চীনের মকিতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জাপানের হাতে। দ্বিতীয় মিনিটেই সেয়া ইয়ামাদার ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আরও চার গোল করে ব্যবধান বড় করে জাপান। ২৯ মিনিটে ইউনোসুকে সোনের পেনাল্টি স্ট্রোক থেকে আসে দ্বিতীয় গোল। এক মিনিট পর শোতা হানায়ামার ফিল্ড গোলে ব্যবধান হয় ৩-০। ৩৬ মিনিটে রিনতারো সাকাই পেনাল্টি কর্নার থেকে করেন চতুর্থ গোল।

৪১ মিনিটে আবারও গোল করেন সাকাই। একই মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ দেন মেহেদী। ৪৫ মিনিটে কিয়োয়া তোয়ার গোলে জাপান এগিয়ে যায় ৬-১ ব্যবধানে।

শেষ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন মুন্না। ৫০ মিনিটে তাঁর পেনাল্টি কর্নারের গোলে ব্যবধান কমে ৬-২। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ শেষ হয়।যদিও জাপানের(১০) চেয়ে দুটি পেনাল্টি কর্নার বেশি পায় বাংলাদেশ (১২)। তবে কাজে লাগাতে পারেনি।

এই হারে টুর্নামেন্টের সেরা পাঁচে থাকার সুযোগ হারানোর পাশাপাশি আগামী যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারল না বাংলাদেশ। আগামীকাল সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত