
রেকর্ডের বরপুত্র উপাধি তো এমনি এমনি পাননি লিওনেল মেসি। একের পর এক গোল করে ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা। এবার তিনি সেঞ্চুরি করেছেন ইন্টার মায়ামির হয়েও। যা তাঁর ক্যারিয়ারে কোনো দলের হয়ে দ্রুততম সেঞ্চুরি। শুধু তা-ই নয়, দুর্দান্ত পারফরম্যান্সে শোকেসে তুললেন আরও এক টুর্নামেন্টের শিরোপা।
বাংলাদেশ সময় আজ ভোরে ক্যাম্পেওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল ক্রুজ আজুল। রেকর্ড গড়তে মেসি বেছে নিলেন শিরোপা নির্ধারণী এই ম্যাচকেই। ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতল মায়ামি। চ্যাম্পিয়ন হওয়ার পথে মায়ামির হয়ে গোলের সেঞ্চুরি করলেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির জার্সিতে ১১৫ ম্যাচে করলেন শততম গোল। যেটা তাঁর আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ক্যারিয়ার সব মিলিয়ে দ্রুততম সেঞ্চুরি।
মায়ামির জার্সিতে সেঞ্চুরি পূর্ণ করার আগে আর্জেন্টিনা, বার্সেলোনার হয়েও গোলের সেঞ্চুরি করেছেন মেসি। তবে তখন শততম গোল করতে আর্জেন্টিনা, বার্সেলোনার জার্সিতে ১৫০-এরও বেশি ম্যাচ খেলতে হয়েছিল তাঁকে। কাতালানদের হয়ে গোলের সেঞ্চুরি করেছিলেন ১৮৮ ম্যাচে। আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে খেলতে হয়েছিল ১৭৪ ম্যাচ।
বাঁ পায়ের জাদুতে একের পর এক গোল করলেও মেসি আজ গোল করলেন হেডে। ক্রুজ আজুল-ইন্টার মায়ামি ক্যাম্পিওনেস কাপ ফাইনাল শুরুর ২৪ মিনিটেই তিনি গড়ে ফেললেন রেকর্ড। বন্ধু লুইস সুয়ারেজের ক্রসে মাথা ছুঁয়ে মেসি করে ফেললেন মায়ামির হয়ে তাঁর শততম গোল। শুধু গোলের রেকর্ড গড়েই থেমে থাকেননি আর্জেন্টাইন তারকা, করেছেন অ্যাসিস্টও। ৮১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন কাসেমিরো।

মেসি-কাসেমিরো জুটির শেষ মুহূর্তের গোলেই ইন্টার মায়ামির শিরোপা এক রকম নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ক্যাম্পিওনেস কাপে চ্যাম্পিয়ন হলো মায়ামি। এই নিয়ে ইন্টার মায়ামি চতুর্থ কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে। সবগুলোই জিতেছে মেসি আসার পর। ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড, ২০২৫ এমএলএস কাপের পর এবার যুক্তরাষ্ট্রের ক্লাবটি জিতল ক্যাম্পিওনেস কাপের শিরোপা।
মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়ন ক্রুজ আজুল এবার খেলেছে ক্যাম্পিওনেস কাপের ফাইনালে। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি জিতল এই শিরোপাও। ফাইনালের গোলসহ মেসির ক্যারিয়ারে এই নিয়ে গোল হলো ৯৩৫। বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। আর্জেন্টিনা, ইন্টার মায়ামি, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনা ‘বি’ দলের হয়ে তাঁর গোল ১২৫, ১০০, ৩২ ও ৬। সব মিলিয়ে খেলেছেন ১১৯৭ ম্যাচ।

বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ—ফুটবলে আর কী কী শিরোপা জিততে বাকি লিওনেল মেসির! বয়স ৪০ ছুঁই ছুঁই। কিন্তু যেভাবে দুরন্ত গতিতে ছুটে চলেছেন, তাতে বয়সটা কেবল তাঁর কাছে নিছকই সংখ্যা। গোলের যেমন বন্যা বইয়ে দিচ্ছেন, একের পর এক শিরোপাও যোগ হচ্ছে তাঁর ক্যাবিনেটে।
২৮ মিনিট আগে
চোখের পলক পড়তে না পড়তেই গোল। হ্যাঁ, গতকাল ঠিক এমনটাই ঘটেছে ক্যাম্প ন্যু স্টেডিয়ামে। বার্সেলোনা-রেসিং সানতান্দার ম্যাচে ৯০ মিনিটে হয়েছে ৯ গোল। গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া।
১ ঘণ্টা আগে
মেয়েদের ফুটবলের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খাওয়ার পর দ্বিতীয় ম্যাচের আগে যে প্রশ্ন মনের মধ্যে ভেসে ওঠে, তা হলো, আজ কী করবে বাংলাদেশ? প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে বলা যায়, আজ কত গোল হজম করবে দল? এমন প্রশ্ন আসার বড় কারণ, আফঈদা-অর্পিতা বিশ্বাসদের সামনে আজ প্রতিপক্ষ আরেক কোরিয়া—দক্ষিণ কোরিয়া।
২ ঘণ্টা আগে
ম্যাচ পরিত্যক্ত হতেই নারী এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। তবে প্রতিপক্ষ জানা যাবে আগামীকাল। ভারত-জাপান ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিতে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
৩ ঘণ্টা আগে