আনচেলত্তিকে ছাঁটাই করলেই ব্রাজিলের হারানো গৌরব ফিরবে না: গার্দিওলা

ব্রাজিলের ফুটবল নিয়ে হতাশা থাকতে পারে, প্রত্যাশা পূরণ না হওয়ায় সমালোচনাও হতে পারে। কিন্তু সব ব্যর্থতার দায় কোচের ওপর চাপিয়ে দিলেই যে সমস্যার সমাধান হবে, তা মনে করেন না পেপ গার্দিওলা। কার্লো আনচেলত্তির পাশে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, বিশ্বের সেরা কোচকেও দায়িত্ব দিয়েই তাৎক্ষণিক সাফল্যের নিশ্চয়তা পাওয়া যায় না।
কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই ইতালীয় আনচেলত্তির বড় সমালোচক হয়ে উঠেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। তাঁর সমালোচনার জেরেই আনচেলত্তির পক্ষ নিয়েছেন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির অন্যতম সফল কোচ গার্দিওলা।
রোমারিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিওর সঙ্গে গার্দিওলার কথোপকথনে উঠে আসে ব্রাজিলের ফুটবল নিয়ে দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি। ১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিও মনে করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঐতিহ্য ও সামর্থ্যের সঙ্গে বর্তমান পারফরম্যান্সের কোনো মিল নেই। অন্যদিকে গার্দিওলার মতে, ব্রাজিলের সমস্যার সমাধান শুধু কোচ পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় এবং পরবর্তী ম্যাচগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্সের অভাব আনচেলত্তির ওপর চাপ বাড়িয়েছে। রোমারিওর সমালোচনাও শুধু ফলাফল নিয়ে নয়, দলের খেলার ধরন নিয়েও। তবে গার্দিওলা মনে করেন, আনচেলত্তিকে কেবল খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারা একজন কোচ হিসেবে বিবেচনা করা তাঁর সামর্থ্যকে খাটো করে দেখা।
বার্সেলোনার সাবেক কোচের যুক্তি, আনচেলত্তির কৌশলগত দক্ষতা ও গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ইউরোপীয় ফুটবলে বহুবার তাঁর মুখোমুখি হয়েছেন গার্দিওলা। তাই ইতালীয় কোচের সামর্থ্য সম্পর্কে তাঁর ধারণা যথেষ্ট পরিষ্কার।
পরিসংখ্যানও আনচেলত্তির পক্ষে কথা বলে। কোচ হিসেবে পাঁচবার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ-দুবার এসি মিলানের হয়ে, তিনবার রিয়াল মাদ্রিদের হয়ে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জয়ের কৃতিত্ব আছে তাঁর। গার্দিওলার মতে, এমন একজন কোচের কাজ মূল্যায়নের ক্ষেত্রে তাঁর দীর্ঘ সাফল্যের ইতিহাসও বিবেচনায় রাখা উচিত।
তবে ফুটবলের কঠিন বাস্তবতাও স্বীকার করেছেন গার্দিওলা। শেষ পর্যন্ত ফলাফলই নির্ধারণ করে দেয়, একজন কোচ কত দিন দায়িত্বে থাকবেন। ক্লাব ফুটবলের তুলনায় জাতীয় দলের কোচদের কাজটাও কঠিন। খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাঁদের হাতে সময় থাকে অনেক কম।
২০২৫ সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। দীর্ঘমেয়াদি এই চুক্তি দলকে গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি করলেও মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনা থামেনি।
আলোচনায় গার্দিওলা ও রোমারিওর স্মৃতিচারণেও উঠে আসে ১৯৯৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সেবার ফাবিও কাপেলোর এসি মিলানের কাছে ইয়োহান ক্রুইফের বার্সেলোনা হেরেছিল ৪-০ গোলে।
তবে অতীতের স্মৃতির চেয়ে বর্তমানের বাস্তবতাই ছিল গার্দিওলার বক্তব্যের মূল বিষয়। ব্রাজিলের সমর্থকদের ভালো ফুটবল ও সাফল্য চাওয়ার অধিকার অবশ্যই আছে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলেই ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। আনচেলত্তিকে সময় দেওয়ার পক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন গার্দিওলা।









_11zon-790dd6-256x144.webp)