গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সেখান থেকে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম লেগের বাকি ম্যাচগুলো আর গোপালগঞ্জে আয়োজন করা হবে না। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে নতুন করে ভাবতে হচ্ছে হোম দল ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘকে।
বাফুফের লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, ক্লাবগুলোকে ঝুঁকির মধ্যে রাখতে চায় না ফেডারেশন। বিকল্প হিসেবে ব্রাদার্স ও আরামবাগকে মানিকগঞ্জ কিংবা ময়মনসিংহে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। চাইলে প্রতিপক্ষের হোম ভেন্যুতেও ম্যাচ আয়োজনের সুযোগ থাকছে।
তবে দুই ক্লাবেরই পছন্দ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এ জন্য আগেই ফেডারেশনকে চিঠি দিয়েছে তারা। আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানিয়েছেন, ফেডারেশন যে ভেন্যু নির্ধারণ করবে, সেখানেই খেলতে রাজি তাঁরা। তবে মানিকগঞ্জের মাঠ নিয়ে আপত্তি রয়েছে ব্রাদার্সের।
ক্লাবটির কর্মকর্তা আমের খান বলেন, ‘মানিকগঞ্জের মাঠ ভালো নয়। সেখানে খেলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা চোটে পড়লে দেশের ফুটবলেরই ক্ষতি হবে। জামাল ভূঁইয়াও সেখানে খেলতে গিয়ে আহত হয়েছেন। তাই আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই।’
সাফের জন্য প্রায় এক মাস বিরতির পর গত মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরেছে ঘরোয়া ফুটবল। আগামীকাল শুরু হবে লিগের ষষ্ঠ রাউন্ড। কিংস অ্যারেনায় বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে ফর্টিস ও বসুন্ধরা কিংস। এর আগে বেলা আড়াইটায় মাঠে নামবে আবাহনী ও মোহামেডান।










