Ajker Patrika

ভারতকে এক হালি গোল দিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২২: ০৪
ভারতকে এক হালি গোল দিল ব্রাজিল
ভিনিসিয়ুস জুনিয়র খেললেও কোনো গোল দিতে পারেননি। ছবি: এএফপি

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল। তবে হারের ব্যবধানটা ৪–০ এর বেশি হতে দেয়নি খালিদ জামিলের দল। ৯০ মিনিটে ইতিবাচক ফুটবলই উপহার দেওয়ার চেষ্টা করেছে তারা।

বড় ম্যাচের শুরুটা অবশ্য ভারত ভয় পাওয়ার মতো করেনি। প্রথম ২৫ মিনিটে ব্রাজিলকে বেশ কয়েকবার অস্বস্তিতে ফেলেছে তারা। ৫ মিনিটে আশিক কুরুনিয়নের তৎপরতায় প্রথম কর্নার আদায় করে স্বাগতিকেরা। ৭ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াস জুনিয়র বক্সে ঢুকে জোরাল শট নিলে গুরপ্রীত সিং সান্ধু তা ঠেকিয়ে দেন। ব্রাজিলের প্রথম বড় সুযোগটাও সামলে নেয় ভারতীয় গোলরক্ষক।

১৩ মিনিটে ভারতীয় আক্রমণে আলো ছড়ান মনবীর সিং। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু বলে দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান তিনি। ১৫ মিনিটে বিজয় ভার্গেসের উঁচু করে দেওয়া বলে আবারও সুযোগ পেয়েছিলেন মনবীর। তবে পেছন থেকে এসে মার্কিনিওস শেষ মুহূর্তে বলটি সরিয়ে দেন।

২৫ মিনিট পর্যন্ত ম্যাচে ভারত নিজেদের পরিকল্পনায় ছিল। এরপরই একটি ভুলে বদলে যায় সবকিছু। ২৮ মিনিটে ডান দিক থেকে বক্সের কিনারায় উঠে বাঁ পায়ের শট নেন এস্তেভাও। গুরপ্রীত জায়গামতো থাকলেও বল তাঁর হাতে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। এগিয়ে যায় ব্রাজিল।

গোলের পর থেকেই ভারতকে চাপে ফেলে ব্রাজিল। ৩৬ মিনিটে পেদ্রোর হেড পোস্টে লেগে ফিরে আসে। ছয় মিনিট পর দ্বিতীয় গোল। এস্তেভাওর বাড়ানো বলে বক্সে ঢুকে পড়েন পেদ্রো। তাঁর শট খুব জোরাল না হলেও গুরপ্রীতের হাত ছুঁয়ে বল চলে যায় জালে। প্রথমার্ধেই ২–০ পিছিয়ে পড়ে ভারত।

বিরতির পর দুই দলই একাধিক পরিবর্তন আনে। গুরপ্রীতকে তুলে প্রভসুখান গিলকে নামান ভারত কোচ খালিদ জামিল। ব্রাজিলের হয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়াস জুনিয়রও। তবু দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান কমানোর সুযোগ পেতে থাকে ভারত।

৫৩ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে রায়ান উইলিয়ামসের নিচু শট সহজেই ধরে ফেলেন ব্রাজিলের গোলরক্ষক। ৫৫ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে মনবীর শট নিলে এবারও তা ঠেকিয়ে দেওয়া হয়।

৬৪ মিনিটে ভারতের সবচেয়ে বড় সুযোগগুলোর একটি আসে। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে রায়ান উইলিয়ামস গোলরক্ষককে কাটিয়ে শট নেওয়ার চেষ্টা করেন। গোললাইনের সামনে মাওরো এসে তা আটকে দেন। তিন মিনিট পর আবার সুযোগ। মনবীর ও রায়ানের দারুণ সমন্বয়ে বক্সে ঢুকে পড়ে ভারত। মনবীরকে বল বাড়িয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন রায়ান। ফিরতি বলে মাটিতে পড়ার আগেই তাঁর নেওয়া শটটি চলে যায় পোস্টের বাইরে।

ভারত যখন গোলের খোঁজে একটু একটু করে এগোচ্ছিল, তখনই নিজেদের আরেকটি ভুলে তৃতীয় গোল খায়। পেছন থেকে খেলা তৈরি করতে গিয়ে ৫৮ মিনিটে বল হারান বিজয় ভার্গেস। ভিনিসিয়াসের বদলি হিসেবে নামা সামুয়েল লিনো সেই সুযোগ লুফে নিয়ে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে প্রভসুখানকে পরাস্ত করেন। যোগ করা সময়ের পাঁচ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লিনো।

ঐতিহাসিক এই ম্যাচে লড়াইয়ের কিছু মুহূর্ত তৈরি করেও ভারতের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সুযোগ কাজে লাগাতে না পারা এবং নিজেদের রক্ষণ থেকে করা ভুল। সেই ভুল শুধরে ৬ অক্টোবর আরেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত